যেখানে সোভিয়েত ভাঙার সমঝোতা, সেখানেই এবার রাশিয়া-ইউক্রেনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলারুশের গোমেল অঞ্চলে সোমবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়
ছবি: রয়টার্স

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দ্বিতীয় দিনের বৈঠক বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হওয়ার কথা। সেখানে দুই দেশের আগের প্রতিনিধিরাই থাকবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আলেক্সি আরেস্টোভিচ এ তথ্য জানায় বলে রাশিয়ার বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়।

কোথায় বৈঠক হবে, এ বিষয়ে জানতে চাইলে কিছু বলতে রাজি হননি পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে তাস দাবি করেছে, বেলারুশ-পোল্যান্ড সীমান্তের সংরক্ষিত বেলোভেজ বনে এটি অনুষ্ঠিত হতে পারে। ১৯৯১ সালে সেখানে ইউক্রেন, রাশিয়া ও বেলারুশের মধ্যে সোভিয়েত ইউনিয়নকে বিলুপ্ত করার গোপন সমঝোতা হয়েছিল।

গত সোমবার বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আর রাশিয়ার দলে নেতৃত্ব দেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমিন মেদেনস্কি। এবারও তাঁরাই থাকবেন বলে ইঙ্গিত করা হয়।

ক্রেমলিনের তথ্যমতে , মস্কো আলোচনার অগ্রগতি আশা করছে। তবে সম্ভাব্য ফলাফল কী হতে পারে, সে সম্পর্কে কিছু বলেনি। তবে পেসকভ স্পষ্টই বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় পুতিনের দেওয়া শর্ত পূরণ করতে চাইবে রাশিয়ান প্রতিনিধিদল।

ইউক্রেনের আরেকটি গণমাধ্যম গ্লাভকম দেশটির প্রতিনিধিদলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছিল, রাশিয়া অন্যায়ভাবে ইউক্রেন কোনো জোটে যোগ দেবে না, এমন অঙ্গীকারপত্র পার্লামেন্টারি স্তরে উপস্থাপন এবং এ নিয়ে গণভোটের আয়োজন করবে বলে দাবি করছে। এ ছাড়া রাশিয়ার দিক থেকে আরও দাবি করা হয়, ইউক্রেন প্রশাসনিক সীমান্তে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেবে এবং ক্রিমিয়ার ওপর থেকে নিজেদের দাবি ছেড়ে দেবে।

গত সোমবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে এক ফোনালাপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পুতিন ইউক্রেন নিয়ে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতিসহ তিনটি শর্তের কথা জানান।

পুতিন ও মাখোঁর ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ক্রেমলিন। বিবৃতি অনুসারে, ফোনালাপে মাখোঁকে পুতিন বলেন, ‘যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা-সংশ্লিষ্ট স্বার্থগুলো কোনো শর্ত ছাড়াই মেনে নেওয়া হয়, তাহলেই ইউক্রেন নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’

পুতিন বলেন, নিরাপত্তা স্বার্থগুলোর মধ্যে রয়েছে, ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান (পশ্চিমাপ্রীতি কাটানো) নিশ্চিত করা।