আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্র বেলজিয়াম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিটি অব রিজিয়নসের সদর দপ্তরের সামনে গতকাল সশস্ত্র সেনা সদস্যদের পাহারা। গত শুক্রবার প্যারিসে ভয়াবহ হামলার পর পাশের দেশ বেলজিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে l ছবি: রয়টার্স
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিটি অব রিজিয়নসের সদর দপ্তরের সামনে গতকাল সশস্ত্র সেনা সদস্যদের পাহারা। গত শুক্রবার প্যারিসে ভয়াবহ হামলার পর পাশের দেশ বেলজিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে l ছবি: রয়টার্স

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আশপাশে মুসলিম অধ্যুষিত এলাকায় কট্টরপন্থা বিকশিত হচ্ছে। এটা সবার কমবেশি জানা থাকলেও প্যারিসে গত শুক্রবারের ভয়াবহ হামলার আগে এ বিষয়ে তেমন মনোযোগ দেয়নি ইউরোপীয় নিরাপত্তা বিভাগ। ব্রাসেলসের উপকণ্ঠ থেকেই তিউনিসীয় বংশোদ্ভূত দুই জঙ্গিকে ২০০১ ও ২০০৩ সালে গ্রেপ্তার করা হয়েছিল। নিউইয়র্কে ৯/১১ হামলায় জড়িত থাকার দায়ে যথাক্রমে ১০ ও ৬ বছরের সাজা পায় তারা।
সন্ত্রাসবাদের নতুন হুমকিটা ঠিক কেমন, তা বুঝতে ইউরোপের কয়েকটি দেশের নিরাপত্তা বিভাগ গত দশকের প্রথমার্ধে বেশ হিমশিম খায়। ফলে তখন মাদ্রিদ, লন্ডন ও বেলজিয়ামে বোমা বিস্ফোরণের মূল কারণগুলো গুরুত্ব পায়নি।
প্যারিসে সর্বশেষ হামলার পর সেই ভুল এখন স্পষ্ট হয়েছে কর্তৃপক্ষের কাছে। কারণ গত শুক্রবারের ভয়াবহ হামলায় বেলজিয়াম থেকে জঙ্গিদের সক্রিয়তার প্রমাণ মিলেছে। দেশটি থেকে সিরিয়ায় গিয়ে যুদ্ধে অংশ নেওয়া জঙ্গির সংখ্যা আনুমানিক ৩৫০ থেকে ৫৫০। এটি ইউরোপের যে কোনো দেশ থেকে সর্বোচ্চ। বাস্তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে। ১ কোটি ১০ লাখ মানুষের এ দেশে মুসলিমদের সংখ্যা পাঁচ লাখের কম।
বেলজিয়ামের জঙ্গিরা অনেক বছর ধরে ধীরে ধীরে সক্রিয় হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জেরে ইউরোপের অন্যান্য দেশের 

মতো ১৯৮০-এর দশক ও ১৯৯০-এর দশকে বেলজিয়ামেও সন্ত্রাসবাদের প্রভাব পড়ে।

দেশটির গেন্ট বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ রিক কুলসেট বলেন, ‘সন্ত্রাসবাদের দুনিয়ায় বেলজিয়াম ও ফ্রান্সের সম্পর্কের ইতিহাস অনেক পুরোনো।’

মুরিয়েল দোগোক নামের এক ধর্মান্তরিত নারী গত দশকের প্রথমার্ধে বেলজিয়াম থেকে ইরাকে গিয়ে প্রথম ইউরোপীয় নারী হিসেবে আত্মঘাতী হামলায় যুক্ত হন। ২০০৫ সালে ইরাকে মার্কিন গাড়িবহরে বোমা হামলা করেছিলেন তিনি। যুদ্ধ করতে বেলজিয়ামের বেশ কয়েকজন নাগরিক ইরাকের পাশাপাশি আফগানিস্তানেও গেছেন। এ দুই দেশে পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে লড়াই ও ইউরোপে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে বেলজিয়ামভিত্তিক জঙ্গিরা। আরব বসন্তের সহিংস পরিণামের প্রভাবে ইউরোপজুড়ে কট্টরপন্থীদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি ও সুযোগ আসে। তখন বেলজিয়ামে জঙ্গিবাদ সম্প্রসারিত ও গভীর হতে থাকে। শরিয়া ফর বেলজিয়াম নামের একটি সংগঠন বিদ্বেষপূর্ণ বক্তব্য ছড়ায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে অবশ্য এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মলেনবেক এলাকার ৯০ হাজার বাসিন্দার প্রায় ৮০ শতাংশই মুসলিম। এই এলাকাকেই সুনির্দিষ্ট সমস্যা হিসেবে মনে করেন অনেকে। মলেনবেকেরই বাসিন্দা আলজেরীয় বংশোদ্ভূত এক ফরাসি গত বছরের আগস্টে ব্রাসেলসে ইহুদিদের একটি জাদুঘরে চারজনকে গুলি করে হত্যা করেন। আর গত জানুয়ারিতে প্যারিসে ইহুদিদের বিপণিকেন্দ্রে হামলাকারী আমেদি কুলিবালি ব্রাসেলস থেকে অস্ত্র সংগ্রহ করেছিলেন।   

নেদারল্যান্ডসের বিশ্লেষক এডউইন বাকার বলেন, ব্রাসেলসের কয়েকটি এলাকায় পুলিশের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল। মূল সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন এসব স্থানকে বেলজিয়ামের অংশ বলে মনে হয় না।