যোদ্ধার কবরে অমূল্য রত্ন

কাঠের কফিনের ভেতরে প্রাচীন এক যোদ্ধার কঙ্কাল। পাশে রাশি রাশি ধনরত্ন আর মূল্যবান জিনিস। গ্রিসে মাইসিনীয় যুগের অট্টালিকা প্যালেস অব নেস্টরে খননকাজ চালিয়ে এগুলোর সন্ধান পেয়েছেন মার্কিন প্রত্নতাত্ত্বিকেরা। বলা হচ্ছে, গ্রিসে গত ৬৫ বছরের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় গত সোমবার এ কথা জানায়। খবর এএফপির।
খবরে বলা হয়, প্যালেস অব নেস্টরে অনুসন্ধান চালানোর সময় অক্ষত একটি সমাধির সন্ধান মেলে। পরে সমাধি থেকে উদ্ধার করা কাঠের কফিনে কঙ্কালটি পাওয়া যায়। কঙ্কালটি যিশুখ্রিষ্টের জন্মেরও প্রায় দেড় হাজার বছর আগের কোনো এক সেনার। পারিপার্শ্বিক অবস্থায় এটি স্পষ্ট যে তিনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তাঁর কবরের ভেতরে দেওয়া হয়েছিল সোনার বিভিন্ন ধরনের অলংকার। এ ছাড়া ছিল মুক্তার মালা, সোনা ও হাতির দাঁতের হাতলের ব্রোঞ্জের তরবারি, রুপার পাত্র ও হাতির দাঁতের চিরুনি।

কঙ্কালের সঙ্গে পাওয়া গয়নাগুলো মিনোয়ান নকশায় তৈরি। খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দের দিকে ক্রিট দ্বীপে এ সভ্যতার বিকাশ হয়েছিল। গয়নায় ছিল দেব-দেবী, প্রাণী ও ফুলের নকশা। খননকাজটি চালান যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক জ্যাক এল ডেভিস ও শ্যারন আর স্টোকার। তাঁরা সেখানে ১ হাজার ৪০০-এর বেশি জিনিস পেয়েছেন। গবেষক দুজন বলেছেন, জিনিসগুলোর মান মাইসিনীয় যুগের পরের দিকের মিনোয়ান সভ্যতার প্রভাবের সাক্ষ্য বহন করে।
প্রত্নতাত্ত্বিকদের ধারণ, প্যালেস অব নেস্টর তৈরির বহু আগে সেখানে সমাহিত করা হয়েছিল প্রভাবশালী ওই যোদ্ধাকে। প্রাসাদটির অবস্থান গ্রিসের পেলোপনেসীয় উপদ্বীপের এপানো অ্যাংলিয়ানোস পর্বতের চূড়ায়। সাড়ে তিন হাজার বছরের প্রাচীন এই দোতলা প্রাসাদে শয়নকক্ষ, স্নানঘর, অতিথিশালাসহ সব ধরনের সুবিধা ছিল।