যৌন হয়রানির অভিজ্ঞতা জানালেন নারী সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কোলন শহরে ঐতিহ্যবাহী উৎসব চলছিল। সেখান থেকে টেলিভিশনে সরাসরি প্রতিবেদন পাঠাচ্ছিলেন নারী সাংবাদিক এসমেরালদা লাবি। বেলজিয়ামের সংবাদ প্রতিষ্ঠান আরটিবিএফের কর্মী এসমেরালদা নববর্ষ শুরুর আগের রাতের ওই দুঃসহ অভিজ্ঞতার বিবরণ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লিখেছেন: ‘দু-তিনজন লোক পেছনে জড়ো হয়ে আমার মনোযোগ নষ্ট করতে চাইছিল। আমি সম্প্রচারের দিকে দৃষ্টি রেখেছিলাম। হঠাৎ টের পাই, আমার কাঁধে কে যেন চুমু খেতে চাইছে। প্রায় একই সময়ে একজন তরুণ জার্মান আমার কানে অশালীন গান শুরু করল। লোকটা অশ্লীল ভঙ্গি করছিল।’
লাবি আরও লিখেছেন, ওই লোকগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। ততক্ষণে সম্প্রচার শেষ। এ সময় পেছন থেকে তাঁর বুকে হাত দেয় একটি লোক। তিনি আর ক্ষোভ সামলাতে পারেন না। পেছন ফিরে চিৎকার করেন, ‘আমাকে ছোঁবে না!’ সূত্র: গার্ডিয়ান