
আচমকা গোলাগুলির প্রচণ্ড আওয়াজ। মুহূর্তেই রক্তাক্ত চারপাশ। বন্দুকধারীদের দাপট। শ্রোতা-দর্শকের দিগ্বিদিক ছোটাছুটি। রক্ত আর লাশ ডিঙিয়ে মিলনায়তন ছাড়েন অনেকে।
ঘটনাস্থল প্যারিসের বাতাক্লঁ মিলনায়তন। সেখানে শুক্রবার রাতে মার্কিন রক ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্ট হচ্ছিল। নিজের বোন আর বন্ধুদের সঙ্গে সেখানে গিয়েছিলেন বেতার উপস্থাপক পিয়ের জানাশাক। তিনি এএফপিকে বলেন, প্রথম আওয়াজটা শুনে মনে হয়েছিল কনসার্টেরই অংশ। তবে দ্রুত সেই ভুল ভাঙে তাঁদের। ওরা অবিরত গুলি করছিল। রক্ত আর লাশের ছড়াছড়ি দেখে স্তম্ভিত লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত মানুষের চিৎকার শুনে আতঙ্ক আরও বেড়ে যায়।
জানাশাক ও তাঁর সঙ্গীরা শৌচাগারে লুকিয়ে ছিলেন। দুই ঘণ্টা পর পুলিশ তাঁদের উদ্ধার করে। বাতাক্লঁর ওই হামলায় ৮৯ জন প্রাণ হারিয়েছে। জানাশাকের ভাষ্য, ২০ জনকে জিম্মি করেছিল বন্দুকধারীরা। তারা বলছিল, ‘এটা ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদের ভুল। সিরিয়ায় হস্তক্ষেপ করা উচিত হয়নি তাঁর।’
ফ্রান্সের ইউরোপ ওয়ান বেতারকেন্দ্রের প্রতিবেদক জুলিয়াঁ পিয়ের্স সিএনএনকে বলেন, ঘটনাস্থলে রক্তস্রোত বইছিল। লোকজন চিৎকার করছিল। প্রত্যেকে মেঝেতে শুয়ে ছিল অন্তত ১০ মিনিট। মাথা ঢেকে রেখেছিল সবাই। গোলাগুলির সময় সন্ত্রাসীরা নীরব ছিল। তিন থেকে চারবার বন্দুকে গুলি ভরে নিয়েছিল তারা। এ রকম এক সুযোগে তিনি মঞ্চে ওঠে বাইরে আসার পথ খুঁজে পান। বন্দুকধারী একজনের চেহারা তাঁর মনে আছে। তাঁর বয়স ২০ থেকে ২৫ বছর।
মারিয়েল তিমে নামের আরেক প্রত্যক্ষদর্শী একটি বাথরুমে তিন ঘণ্টা লুকিয়ে ছিলেন। তিনি খুব কাছে থেকে একজন সন্ত্রাসীর মৃত্যু দেখেছেন এবং গুলি ও বোমার আওয়াজ শুনেছেন। এরপর তাঁরা পুলিশের ডাক শুনেও দরজা খুলতে ভয় পাচ্ছিলেন। এএফপি।