রক্তাক্ত প্যারিস, স্তম্ভিত বিশ্ব
বছরের শুরুতেই উগ্রপন্থীর গুলি ও বোমায় রক্ত ঝরেছিল ফ্রান্সে। বছরের শেষ দিকে এসে আবারও রক্তাক্ত হলো দেশটির রাজধানী প্যারিস। শুক্রবার রাতে প্যারিসের অন্তত ছয়টি স্থানে প্রায় একই সময়ে পরিচালিত হামলায় অন্তত ১২৯ জন নিহত হয়েছেন। উপর্যুপরি গুলি, বোমা ও আত্মঘাতী এসব হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫২ জন। ৯৯ জনের অবস্থাই গুরুতর। নিহত হয়েছেন সাতজন হামলাকারীও। খবর এএফপি, গার্ডিয়ান, বিবিসি ও রয়টার্সের।
ভয়াবহ এ ঘটনায় স্তম্ভিত, শোকে মুহ্যমান ফ্রান্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্মরণে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করে বলেছেন, এর জবাব দেওয়া হবে ‘নির্মমভাবে’। আইএস ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেছে বলেও তিনি মন্তব্য করেন। বিশ্বনেতারা অভিন্ন কণ্ঠে সোচ্চার হয়েছেন নিন্দায়।
৭ জানুয়ারি প্যারিসে ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদো কার্যালয়ে জঙ্গি হামলায় ১১ জন নিহত হন। বলা হচ্ছে, গতকালের ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফ্রান্সে সবচেয়ে ভয়াবহ হামলা। চলতি শতাব্দীতে ইউরোপে এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী হামলা। এর আগে ২০০৪ সালে মাদ্রিদে ট্রেনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন ১৯১ জন।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে।
প্যারিসে দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে। অপরাধীদের পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।
প্যারিসে স্থানীয় সময় শুক্রবার রাত নয়টার দিকে কম্বোডীয় একটি পানশালায় হামলা চালিয়ে হত্যাযজ্ঞ শুরু করে বন্দুকধারীরা। রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত একটি কনসার্ট হল, একাধিক রেস্তোরাঁ ও জাতীয় ক্রীড়া স্টেডিয়ামসহ ছয়টি স্থানে হামলা চালানো হয়। এর মধ্যে বাতাক্লঁ কনসার্ট হলেই ৮৭ জন নিহত হন। চারজন একে-৪৭ বন্দুকধারী কনসার্ট হলে ঢুকে গুলি চালানো শুরু করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বেতার উপস্থাপক পিয়ের জানাসজক বলেন, ‘বন্দুকধারীরা ঢুকেই গুলি চালানো শুরু করে। চারদিকে রক্তে ভেসে যাচ্ছিল। ওরা বলছিল, এটার জন্য তোমাদের প্রেসিডেন্ট ওলাঁদ দায়ী। সিরিয়ায় হামলায় অংশ নেওয়া তার ঠিক হয়নি।’
বাতাক্লঁ কনসার্ট হল ছাড়া জাতীয় ক্রীড়া স্টেডিয়াম স্তাদ দো ফ্রঁস এবং গুরুত্বপূর্ণ সড়ক বুলভার্দ দো শারন, বুলভার্দ ভলতেয়ার, রু দো লা ফঁতাইন অ রোয়া ও রু আলিবেয়ার এলাকায় হামলা হয়েছে।
স্টেডিয়াম স্তাদ দো ফ্রঁসের বাইরে দুটি আত্মঘাতী হামলা চালানো হয়। এতে চারজন নিহত হন। ওই সময় স্টেডিয়ামে ফ্রান্স ও জার্মানির জাতীয় দলের ফুটবল খেলা চলছিল। খেলা দেখতে সেখানে ছিলেন প্রেসিডেন্ট ওলাঁদ ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার।
ফ্রান্সের সরকারি কর্মকর্তারা প্রথমে বলেন, হামলাকারী ছিল আটজন ও এ ঘটনায় তাঁদের সবাই নিহত হয়েছেন। পরে বলা হয় তাঁদের সংখ্যা সাতজন। কয়েকজন নিজেদের সঙ্গে থাকা বিস্ফোরকভর্তি বেল্ট বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন। একজনকে গুলি করে হত্যা করে পুলিশ।
কয়েকজন আটক: গতকাল সকালে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলাঁ। এদের একজনকে ফ্রান্স ও বেলজিয়ামের সীমান্ত থেকে আটক করা হয়। তিনি বলেন, সাতজন হামলায় অংশ নেয়। আগে হামলাকারীর সংখ্যা আট বলা হলেও তা ঠিক নয়। তিনটি সংঘবদ্ধ দল একযোগে হামলা চালায়।
প্যারিসের পুলিশের ধারণা, হামলাকারীদের মধ্যে তিনজন ব্রাসেলস থেকে এসেছিলেন। হামলাকারীদের একজন প্যারিসের এক শহরতলির বাসিন্দা।
এদিকে প্যারিসে হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেলজিয়ামে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইইউর প্রতিক্রিয়া: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানেরা ফ্রান্সকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল দেওয়া এক বিবৃতিতে তাঁরা বলেন, ‘এই হামলা আমাদের সবার বিরুদ্ধে হামলা। কঠোর সংকল্প এবং সম্ভাব্য সমস্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই হুমকি মোকাবিলা করব।’
এদিকে একটি ফরাসি দৈনিককে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্তাদ দো ফ্রঁসে নিহত দুই হামলাকারীর কাছে একটি মিসরীয় এবং একটি সিরীয় পাসপোর্ট পাওয়া গেছে। ফ্রান্সের পুলিশ বলেছে, বাতাক্লঁ কনসার্ট হলের এক হামলাকারীর আঙুলের ছাপ পরীক্ষা করে তাঁকে ফরাসি নাগরিক বলে চিহ্নিত করা গেছে।
দেশজুড়ে আতঙ্ক: হামলার পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেয়রের পক্ষ থেকে প্যারিসের বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। শনিবার নির্ধারিত সব ধরনের খেলাধুলা, জনপ্রিয় ইউ টু ব্যান্ডের কনসার্ট স্থগিত করা হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় প্যারিসে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ আইফেল টাওয়ার।
প্রেসিডেন্ট ওলাঁদ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কনসার্ট হল পরিদর্শন করেন। তার আগে মধ্যরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। প্রেসিডেন্ট ওই হামলাকে ‘বিভীষিকা’ আখ্যা দিয়ে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘নির্মম’ লড়াই চালানোর অঙ্গীকার করেন তিনি।
পরে প্রেসিডেন্ট ওলাঁদ হামলার জন্য আইএসকে দায়ী করেন। তিনি বলেন, বিদেশে এই হামলার পরিকল্পনা হয়েছে।
আইএসের দায় স্বীকার: হামলার দায় স্বীকার করে গতকাল শনিবার বিবৃতি দিয়েছে আইএস। বিবৃতিতে বলা হয়, আইএসের পক্ষ থেকে প্যারিসের কেন্দ্রস্থলে হামলার জন্য আটজনকে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে পাঠানো হয়েছিল। ফ্রান্স যত দিন তার বর্তমান নীতি বজায় রাখবে, তত দিনই প্যারিস হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকবে।
গতকাল অনলাইনে তারিখ উল্লেখ না করে ছাড়া এক ভিডিও ফুটেজে আইএস হুমকি দিয়ে বলেছে, তাদের যোদ্ধাদের ওপর বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চলতে থাকবে।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা চলছে। এ লড়াইয়ে অংশ নিতে সম্প্রতি পারস্য উপসাগরে একটি রণতরি পাঠানোর ঘোষণা দেন ওলাঁদ। গত সেপ্টেম্বর থেকে সিরিয়ায়ও আইএসবিরোধী হামলা শুরু করে ফ্রান্স।
৬ স্থানে হামলা
শুক্রবার, রাত ৯: ২০
স্তাদ দো ফ্রঁস (স্টেডিয়াম)
আত্মঘাতী হামলায় নিহত: ৪
রাত ৯: ২৫
লো পতি কবোজ রেস্তোরাঁ
গুলিতে নিহত: ১
রাত ৯: ৩৮
লা বেল ইকুইপ বার
গুলিতে নিহত: ১৮
রাত ৯: ৪৯
বাতাক্লঁ কনসার্ট হল
গুলি ও বিস্ফোরণে নিহত: ৮৯
রাত ১০:০০
বুলভার্দ ভলতেয়ার সড়ক
গুলিতে নিহত: ১২
কাসা নস্ত্রা পিৎজার দোকান
গুলিতে নিহত: ৫