রক্তের টাকায় রাশিয়াকে অর্থ জোগাচ্ছে ইউরোপ: জেলেনস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি : এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার তেল ক্রয় চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন। তিনি বলেছেন, অন্যের রক্তে রাশিয়ার তেলের দাম পরিশোধ করছে ইউরোপ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মানি ও হাঙ্গেরির দিকে ইশারা করেন। এ দুটি দেশের প্রতি রাশিয়ার বিরুদ্ধে দেওয়া জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা ঠেকানোর প্রচেষ্টার অভিযোগ আনেন তিনি। জার্মানি ও হাঙ্গেরিতে তেল বিক্রি থেকে এ বছর ৩২৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে করবে রাশিয়া।

বার্লিনের অবস্থান নিয়ে ইউক্রেনের নেতাদের মধ্যে ক্রমবর্ধমান হতাশা দেখা যাচ্ছে। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পর পশ্চিমা দেশগুলোর দেওয়া কিছু নিষেধাজ্ঞার ক্ষেত্রে সমর্থন দিয়েছে বার্লিন। কিন্তু তেল বিক্রিতে কঠোর পদক্ষেপের ক্ষেত্রে বিরোধিতা করেছে দেশটি।

কিয়েভ থেকে বৃহস্পতিবার বিবিসিকে জেলেনস্কি বলেন, ‘আমাদের কিছু মিত্র ও অংশীদার বুঝেছে এটা ভিন্ন এক সময়। এখন ব্যবসা বা অর্থের কোনো বিষয় নেই। এটা টিকে থাকার বিষয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশে আরও অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য যথেষ্ট দ্রুত অস্ত্র সরবরাহ করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কিছু ইউরোপের দেশ সাহায্য করার চেষ্টা করছে এবং সাহায্যও করছে। তবে এসব সাহায্য আরও দ্রুত দরকার। যত দ্রুত হয় ততই ভালো। পারলে এখনই সাহায্য দরকার।

এদিকে রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরে গেছে। তবে দেশটির পূর্ব ও দক্ষিণে এখন রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। যেহেতু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বেশি এলাকা দখলের প্রচেষ্টায় সেখানে তার সামরিক অভিযান পুনরায় কেন্দ্রীভূত করেছেন।

দক্ষিণের বন্দর নগরী মারিউপোল ইতিমধ্যে রুশ সেনাদের কয়েক সপ্তাহের বোমাবর্ষণে ধ্বংস হয়ে গেছে। জেলেনেস্কি বলেন, তাঁর ধারণা শহরটিতে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে।

জেলেনস্কি আরও বলেন, মানুষজনকে হত্যা করা ছাড়াও অনেককে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের বিভিন্ন শিবিরে বা শহরে রাখা হচ্ছে। তাঁদের পরিস্থিতি কি হচ্ছে কেউ জানে না। কতজনকে হত্যা করা হয়েছে কেউ বলতে পারছে না।

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, মারিউপোল এবং কিয়েভের বুচা ও বোরোদ্যাঙ্কায় রুশ সেনারা যে নৃশংসতা দেখিয়েছে তা শান্তি আলোচনার সম্ভাবনা আরও সংকুচিত হয়েছে।

আরও পড়ুন