
রবার্ট দ্য ব্রুসের বীরত্বের কাহিনি আমরা অনেকেই জানি। পরপর ছয় দফা পরাজয়ের হতাশা কাটিয়ে তিনি ইংরেজ বাহিনীর বিরুদ্ধে লড়ে জন্মভূমি স্কটল্যান্ডকে মুক্ত করেছিলেন। একটি মাকড়সার অধ্যবসায় দেখেই নাকি তিনি প্রেরণা নিয়েছিলেন।
সে যাই হোক, কিংবদন্তি ওই স্কটিশ রাজার চেহারা ঠিক কেমন
ছিল? ইতিহাস গবেষকদের কাছে সেটা নিঃসন্দেহে খুব কৌতূহলের বিষয়। সে জন্য তাঁদের একটি দল দুই বছরের চেষ্টায় রবার্ট দ্য ব্রুসের মুখের আদল বের করেছেন।
রবার্ট দ্য ব্রুসের মৃত্যুর প্রায় ৭০০ বছর পেরিয়েছে। একটি বিশেষ খুলির ভিত্তিতে তাঁর ‘চেহারার ডিজিটাল পুনর্গঠন’ করেছেন গবেষকেরা। এটি রবার্ট ব্রুসের বলেই তাঁরা মনে করেন। দুই বছরের এই গবেষণা প্রকল্পে যুক্তরাজ্যের গ্লাসগো ও লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের (এলজেএমইউ) একদল গবেষক অংশ নেন। কয়েকজন গবেষক মনে করেন, রবার্ট দ্য ব্রুসের কুষ্ঠরোগ ছিল। তবে এ বিষয়ে মতভেদও আছে।
কয়েকটি প্রতিকৃতি আর মূর্তি বা ভাস্কর্যই রবার্ট দ্য ব্রুসের চেহারা সম্পর্কে এত দিন অল্পবিস্তর ধারণা দিয়েছে। তবে সেগুলো নিতান্তই শিল্পীদের কল্পনা। এখনকার যুগের কোনো শিল্পকর্মে রবার্ট ব্রুসের মুখমণ্ডল সম্পর্কে ধারণা মেলে না। তাই ওই গবেষক দল রবার্ট দ্য ব্রুসের আসল চেহারার সন্ধানে কাজ শুরু করে। এ রকম ডিজিটাল গবেষণা একেবারে নতুন নয়। ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য থার্ডের চেহারা শনাক্ত করার জন্যও এমন কাজ হয়েছে।
১৩১৪ সালে ব্যানকবার্নের যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীকে হটিয়ে দিয়ে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন রবার্ট দ্য ব্রুস। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের স্কটিশ হিস্ট্রি বিভাগের শিক্ষক মার্টিন ম্যাকগ্রেগর বলেন, স্কটল্যান্ডের ইতিহাসে রবার্ট দ্য ব্রুসের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩০৬ সালে তিনি যখন সিংহাসনে আসেন, দেশটি তখন গোলযোগপূর্ণ ছিল। তিনি রাজা না হলে হয়তো আজকের স্কটল্যান্ড অন্যরকম থাকত।
ওই বিশ্ববিদ্যালয়ের হান্টেরিয়ান মিউজিয়ামে ২০০ বছরের পুরোনো একটি প্রতিকৃতি আছে। এটা ব্রুসের সমাধি থেকে পাওয়া একটি খুলির আদলে তৈরি। এটি আদৌ ব্রুসের খুলি ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত না হলেও ইতিহাসবিদেরা বেশ আত্মবিশ্বাসী ছিলেন। এত দিন পর আরেক দল ইতিহাস গবেষক এলজেএমইউর ফেস ল্যাবে ‘ডিজিটাল প্রযুক্তিতে খুলি পুনর্গঠনের’ মাধ্যমে রবার্ট ব্রুসের চেহারার একটি আদল তৈরি করেছেন।