রাজনীতি ছাড়লেন লো পেনের এমপি ভাগনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কট্টর ডানপন্থী এমপি ইয়ো মেরিশাল লো পেন (২৭) রাজনীতি ছেড়ে দিয়েছেন। ‘ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে’ রাজনীতি ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি। ইয়ো মেরিশাল লো পেন গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার পরাজিত প্রার্থী ন্যাশনাল ফ্রন্টের মারিন লো পেনের ভাগনি।

ইয়ো মেরিশাল লো পেনকে ন্যাশনাল ফ্রন্টের ভবিষ্যৎ নেতা মনে করা হতো। বলা হয়ে থাকে, তাঁর অবস্থান খালা মারিন লো পেনের চেয়ে কট্টর।

ইয়ো মেরিশাল লো পেন বলেন, রাজনীতির কারণে তিনি নিজের দুই বছরের মেয়েকে যথেষ্ট সময় দিতে পারেন না। এখন মেয়েকে সময় দেবেন। তবে রাজনীতিতে ফেরার কথা উড়িয়ে না দিয়ে তিনি বলেন, ‘আমি চিরতরে রাজনীতি ছেড়ে দিচ্ছি না।’

এদিকে মারিন লো পেন বলেন, ভাগনি কেন এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তা ‘একজন মা হিসেবে’ তিনি বোঝেন।