রাজনীতির রীতি বদলে দেবেন জেরেমি করবিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরেমি করবিন
জেরেমি করবিন

কট্টর বামধারার নীতির কারণে পুঁজিপতিদের সমালোচনায় বিদ্ধ যুক্তরাজ্যের লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, ৮ জুনের নির্বাচনে জয়ী হলে তিনি রাজনীতির রীতি বদলে দেবেন। গতকাল বৃহস্পতিবার লন্ডনে নির্বাচনী প্রচারের সূচনা ভাষণে করবিন এ ঘোষণা দেন।
জেরেমি করবিন ভাষণে বলেন, প্রধানমন্ত্রী থেরেসা মে এবারের নির্বাচনকে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) বাস্তবায়নের নির্বাচন বলে চালিয়ে দিতে চাইবেন। কিন্তু প্রকৃতপক্ষে এ নির্বাচন হলো ‘জনগণের অধিকার বনাম প্রভাবশালীদের স্বার্থ রক্ষার’ নির্বাচন। ধনীদের কাছ থেকে ‘ন্যায্য’ কর আদায়ের ঘোষণা দিয়ে করবিন বলেন, তাঁরা ক্ষমতায় এলে দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
প্রধানমন্ত্রী থেরেসা মে গত মঙ্গলবার হুট করে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া মাত্রই যুক্তরাজ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে যায়। পরদিন বুধবার এমপিরা ভোট দিয়ে ৮ জুন সাধারণ নির্বাচন আয়োজনের বিষয়টি অনুমোদন করেন। আর গতকাল থেকে পুরোদমে প্রচারে নেমে গেছে দলগুলো।
প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবারের পার্লামেন্ট অধিবেশন শেষ করেই ছুটে যান বিরোধী দল লেবারের দখলে থাকা বোলটনে। সেখানে তিনি নির্বাচনের প্রচার শুরু করেন।
২০১৫ সালের নির্বাচনে কনজারভেটিভ দল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে থেরেসা মে অনেকটা সরে আসছেন। ক্যামেরন ‘দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনা’র ওপর জোর দিয়েছিলেন। কিন্তু থেরেসা মে ব্রেক্সিটের পূর্ণাঙ্গ বাস্তবায়নে যে ‘শক্তিশালী এবং স্থিতিশীল’ নেতৃত্ব দরকার—সেদিকে জোর দিচ্ছেন। ক্যামেরন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাজ্য প্রতি বছর জাতীয় আয়ের শূন্য দশমিক ৭ শতাংশ বৈদেশিক সাহায্য দিয়ে আসছে।
লেবার দলের নেতা জেরেমি করবিন শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নের মতো বিষয়গুলোয় জোর দিচ্ছেন। করবিন বলেছেন, ব্রেক্সিট সমঝোতায় তিনি দেশের মানুষের কল্যাণের বিষয়টিতে প্রাধান্য দেবেন।
লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা টিম ফ্যারন বলছেন, ব্রেক্সিটের ‘ধ্বংসাত্মক পরিণতি’ থেকে দেশকে বাঁচাতে তাঁর দলই একমাত্র বিকল্প।