রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করার আহ্বান
বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। রাশিয়ার পার্লামেন্ট সদস্য ও মানবাধিকারকর্মী গালিনা স্তরোভোইতভা হত্যাকাণ্ডের ষোড়শ বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায় বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক এ সংগঠনটি।
১৯৯৮ সালের ২০ নভেম্বর সেন্ট পিটার্সবার্গে হত্যাকাণ্ডের শিকার হন স্তরোভোইতভা। এত দিন পরও ওই ঘটনার বিচার হয়নি উল্লেখ করে আইপিইউর বিবৃতিতে বলা হয়, যারা ওই হত্যাকাণ্ডে ইন্ধন দিয়েছে, তাদের শনাক্ত ও বিচার করতে হবে। কারণ, জড়িত ব্যক্তিরা পার পেয়ে গেছে বলেই বিশ্বের বিভিন্ন এলাকায় আরও রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে।
আইপিইউর প্রেসিডেন্ট বাংলাদেশের সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনাই অগ্রহণযোগ্য, তা সে যেখানেই ঘটুক আর যে পর্যায়েই ঘটুক। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, যারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে, তারাই মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। এসব ঘটনা গণতন্ত্রের জন্য একটা অসম্মান।’ বিজ্ঞপ্তি।