রাশিয়াকে পশ্চিমাদের চোখ রাঙানি
ইউক্রেনের পূর্বাঞ্চলের লুগানস্ক শহরে ত্রাণবাহী ট্রাক পাঠিয়ে পশ্চিমাদের রোষানলে পড়েছে রাশিয়া। এ ধরনের কর্মকাণ্ড রুশপন্থী বিদ্রোহীদের ইউক্রেনে হামলা চালাতে আরও উসকে দেবে বলে রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা বিশ্ব।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব পরিবহন বহর সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, রসদের জোগান পেয়ে রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জোরদার করবে।
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের অনুমোদন ছাড়া এভাবে পরিবহন বহর পাঠানো দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।
রাশিয়ার পাঠানো ২৮০টি ট্রাক সপ্তাহ খানেক ধরে ইউক্রেনের সীমান্তে অপেক্ষায় ছিল। রাশিয়া বলছে, বেসামরিক ব্যক্তিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে অপেক্ষায় থাকা রসদবাহী ট্রাকগুলো ইউক্রেনের সরকারি বাহিনীর শেল হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা নাগাদ সব ট্রাক লুগানস্কে পৌঁছে পণ্য খালাস করেছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়।
রাশিয়ার ওপর আরও অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়ার এ কর্মকাণ্ডের কারণে ওই অঞ্চলের যুদ্ধাবস্থা অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভে নেতাদের সঙ্গে বৈঠক করতে আসা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে টেলিফোনে বলেছেন, আর দেরি করাটা ‘অগ্রহণযোগ্য’ হতো।
ইউক্রেনের যুদ্ধাবস্থা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বহর সরিয়ে নিতে রাশিয়াকে হুঁশিয়ার করেন।
ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রধান ভালেন্তিন নালিভয়চেনকো রাশিয়ার বহর প্রবেশের ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে ইউক্রেন ট্রাকগুলোতে বিমান হামলার অনুমতি দেবে না বলে তিনি জানান।