রাশিয়ায় পুতিনের সমালোচক বিরোধী নেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার বিরোধী নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমতসভ
রাশিয়ার বিরোধী নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমতসভ

রাশিয়ার বিরোধী নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমতসভকে গুলি করে হত্যা করেছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ছিলেন।
আজ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার মস্কোতে ওই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, পায়ে হেঁটে একটি সেতু পার হওয়ার সময় পেছন দিক থেকে ৫৫ বছর বয়সী নেমতসভকে গুলি করা হয়।
বিবিসি জানায়, গাড়িতে থাকা এক দুর্বৃত্ত পিস্তল দিয়ে নেমতসভকে চারটি গুলি করে। এরপর পালিয়ে যায়।
ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করে আগামী রোববার মস্কোয় সমাবেশের ডাক দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নিহত হন নেমতসভ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি আশঙ্কা করেন, ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করায় তাঁকে হত্যা করতে পারেন পুতিন।
এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নব্বইয়ের দশকে প্রেসিডেন্ট বোরিস ইয়েলৎসিনের সময় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ছিলেন নেমতসভ।