রাশিয়ায় পূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হবে মোদি ও নওয়াজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার উফায় ব্রিকস শীর্ষ সম্মেলনের পার্শ্ব কর্মসূচি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হবে। আগে এ নিয়ে অনিশ্চয়তা থাকলেও গতকাল বুধবার নয়াদিল্লিতে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই নেতা এক ঘণ্টার মতো বৈঠক করবেন। খবর এনডিটিভির।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ‘ব্রিকস’-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবারই উফায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ-পশ্চিম রাশিয়ার বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফা। এই শহরেই ‘ব্রিকস’ ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার উফায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক হবে নরেন্দ্র মোদির। ভারত ও পাকিস্তান দুই দেশই ২০১৬ সালে এসসিওর পূর্ণ সদস্যপদ পাবে। ছয় দেশের এই জোটে রয়েছে রাশিয়া, চীন, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তান।
পাকিস্তানের প্রধানমন্ত্রীও উফায় যাচ্ছেন এসসিওর বৈঠকে যোগ দিতে। এক বছরের কিছু বেশি আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন সার্ক সদস্যভুক্ত সব দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। নওয়াজ শরিফের সঙ্গে নরেন্দ্র মোদির সেই শেষ সাক্ষাৎ। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আগে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠককে কেন্দ্র করে ক্ষুব্ধ ভারত বৈঠক বাতিল করে দেয়। সেই থেকে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়নি।