রাশিয়ার ট্রলার ডুবে নিহত ৫৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার দূরপ্রাচ্যে ওখোতস্ক সাগরে দেশটির মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে ৫৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১৫ জন। 
রুশ গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে কামচাতকা উপদ্বীপের কাছে ট্রলারটি ডুবে যায়।
রাশিয়ার বার্তা সংস্থা টিএএসএস জানায়, দানিয়া ভস্তক নামের ট্রলারটিতে ১৩২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৫ জন।
স্থানীয় একটি উদ্ধারকারী সংস্থার এক কর্মকর্তা জানান, ট্রলারটিতে ৭৮ জন রাশিয়ান ও কমপক্ষে ৪০ জন মিয়ানমারের নাগরিক ছিলেন। বাকিরা লাটভিয়া, ইউক্রেন ও ভানুয়াতুর নাগরিক।
শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অন্যদের উদ্ধারে অনুসন্ধান চলছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে রুশ গণমাধ্যমে বলা হচ্ছে, সাগরে ভাসমান বরফের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।