রাশিয়ার সঙ্গে লাগতে এসো না: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করেছেন, রুশ বাহিনী যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। বিদেশি রাষ্ট্রের বোঝা উচিত, আমাদের সঙ্গে বিবাদে না জড়ানোই সর্বোত্তম। গতকাল শুক্রবার মস্কোয় ক্রেমলিন-সমর্থক যুবদের সমাবেশে এ কথা বলেন পুতিন। 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত মার্চে ক্রিমিয়া দখলের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে পুতিন দাবি করেন, ইউক্রেন সরকারের সহিংসতা থেকে সেখানকার রুশভাষী বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে রক্ষায় ওই পদক্ষেপ নেওয়া অপরিহার্য ছিল।
বড় ধরনের কোনো সংঘাতে জড়িত হতে রাশিয়ার আনাগ্রহের কথা জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তেমনটা চাই না। এ নিয়ে কোনো পরিকল্পনাও নেই। কিন্তু স্বাভাবিকভাবেই রাশিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সব সময়ই আমাদের প্রস্তুত থাকা উচিত।’
কোনো দেশের নাম উল্লেখ না করে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, ‘রাশিয়ার সহযোগীদের এটা বোঝা উচিত যে আমাদের সঙ্গে বিবাদে না জড়ানোটাই সর্বোত্তম।’
পুতিন বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, রাশিয়ার সঙ্গে বড় ধরনের টক্কর দেওয়ার কথা কেউ ভাবছে বলে আমার মনে হয় না। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ সারির দেশগুলোর একটি রাশিয়া।’