রাশিয়ার সঙ্গে 'সত্যিকারের যুদ্ধ' চলছে ইউক্রেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, তাঁর দেশ এখন রাশিয়ার সঙ্গে ‘সত্যিকার অর্থে’ যুদ্ধে লিপ্ত। ইউক্রেনের নাগরিকদের উচিত সম্ভাব্য রুশ আক্রমণ মোকাবিলায় প্রস্তুত থাকা। খবর বিবিসির।
পোরোশেঙ্কো বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বিশ্বাস করেন না। এরপরও তাঁর সঙ্গে সমঝোতা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, চলমান যুদ্ধ রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নয়। বরং তা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সত্যিকারের যুদ্ধ। আমরা প্রায়ই রুশ সেনাদের গ্রেপ্তার করছি।’
রাশিয়া আসন্ন গ্রীষ্মকালে আক্রমণ চালাতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে পোরোশেঙ্কো বলেন, ‘আমি কোনো কিছুকে ভয় করি না। আমার বিশ্বাস তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও প্রস্তুত থাকতে হবে।’
জাতিসংঘ বলেছে, পূর্ব ইউক্রেনে গত বছরের এপ্রিলে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ছয় হাজার মানুষ নিহত হয়েছে। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের সহযোগিতা দিতে রাশিয়া নিয়মিত সেনা পাঠিয়েছে বলে পশ্চিমাদের যে অভিযোগ রয়েছে, মস্কো তা অস্বীকার করে আসছে।
ইউক্রেনে গত শনিবার দুজন কথিত রুশ নাগরিক গ্রেপ্তার হওয়ার পর পূর্ব ইউক্রেনে রাশিয়ার ভূমিকা নিয়ে আবার প্রশ্ন ওঠে। ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তার হওয়া ওই দুজন রুশ এলিট সেনাবাহিনীর সদস্য। একটি ভিডিওচিত্রে ওই দুজন ব্যক্তি স্বীকার করেন, তাঁরা রুশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু মস্কো বলছে, গ্রেপ্তারের সময় তাঁরা সেনাবাহিনীর চাকরিতে ছিলেন না।