রাশিয়ারও ধারণা বোমা বিস্ফোরণের কারণে মিসরের সিনাইয়ে দেশটির কোগালিমাভিয়া এয়ারলাইনসের বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার যোগাযোগের ওপর মার্কিন গোয়েন্দা সংস্থার আড়ি পাতা তথ্য থেকে রাশিয়ার এ ধারণার কথা জানা গেছে। সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা সূত্র গত সোমবার বিষয়টি জানিয়েছে। খবর রয়টার্সের।
এদিকে মিসরের একজন তদন্তকারী কর্মকর্তাও গত রোববার বলেছিলেন, বোমা বিস্ফোরণের কারণেই বিধ্বস্ত হয়েছে বলে ‘৯০ ভাগ নিশ্চিত’ হয়েছেন তদন্তকারীরা।
গত ৩১ অক্টোবর মিসরের শারম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে সিনাইয়ের আকাশে ওই বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২২৪ জন আরোহীর সবাই নিহত হন।
যুক্তরাষ্ট্রের ধারণা, বোমা বিস্ফোরণের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার যোগাযোগের ওপর আড়ি পেতে পাওয়া তথ্য যুক্তরাষ্ট্রের ওই ধারণাকে আরও জোরালো করল। তবে রাশিয়া ও মিসর ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
দুর্ঘটনার পরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছিল, সম্ভবত বোমা বিস্ফোরণের কারণেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে রাশিয়া ও মিসর উভয়ই ওই ধারণাকে নাকচ করে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, ‘এটা আমাদের উদ্বেগের কারণ।’ তিনি বলেন, বিমানবন্দরের কোনো শ্রমিক রুশ বিমানটিতে বোমা রেখে আসতে পারেন।