রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বেলারুশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে বেলারুশের যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো। আজ মঙ্গলবার দেশটির নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি এ কথা বলেন।

বেলারুশের বার্তা সংস্থা বেলটিএর খবরের বরাত দিয়ে আরটিডটকমের খবরে এ কথা বলা হয়।

প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বেলটিএর খবরে বলা হয়, ‘বেলারুশের সেনারা কখনো কোনো পক্ষে যোগ দেয়নি। এবং কোনো ধরনের লড়াইয়ে যোগ দেবেও না। তা ছাড়া রাশিয়ার কর্তৃপক্ষ কখনো আমাদের সঙ্গে এ নিয়ে কথাও বলেনি। ইউক্রেনে এই বিশেষ অভিযানে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ধরনের কোনো প্রয়োজনীয়তাও নেই।’

প্রেসিডেন্ট আরও বলেন, বেলারুশের সেনারা এখন দেশটির সঙ্গে ইউক্রেন সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ব্যস্ত, যাতে সেখান থেকে ‘উগ্রবাদী ও অস্ত্র’ ঢুকতে না পারে।
আজ সকালের দিকে ইউক্রেনের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, বেলারুশের সেনারা সীমান্ত অতিক্রম করে ইউক্রেনের প্রশাসনিক জেলা চেরনিহিভে ঢুকছে।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুই অঞ্চলে সেনা অভিযান শুরু করেছে রুশ সেনারা। প্রতিবেশী দেশ বেলারুশ থেকেও রাশিয়ার সামরিক বাহিনী প্রবেশ করে ইউক্রেনে। সেদিন আলেকসান্দার লুকাশেঙ্কো বলেছিলেন প্রয়োজনে ইউক্রেনে রুশ অভিযানে বেলারুশের সেনারাও অংশ নেবে।

বেলারুশের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি আবার বলছি, আমাদের সেনারা সেখানে (ইউক্রেন) নেই। তবে যদি প্রয়োজন পড়ে, যদি বেলারুশ ও রাশিয়ার দরকার হয়, তাহলে তারাও অংশ নেবে।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ষষ্ঠ দিন আজ। এরই মধ্যে গতকাল সোমবার দুই দেশ বেলারুশে বৈঠক করেছে। আগামীকাল আবারও বসবে।