রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কি ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধ বন্ধে চার দফায় আলোচনা করেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা
ফাইল ছবি: রয়টার্স

রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরু করে গত ২৪ ফেব্রুয়ারি। এর কয়েক দিনের মধ্যেই যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা শুরু করেন দুই দেশের প্রতিনিধিরা। এরপর দফায় দফায় আলোচনা হয়েছে। এর মধ্যে সপ্তাহখানেকের কিছু বেশি সময় আগে তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়।

এ সপ্তাহেও দুই পক্ষের সমঝোতা আলোচনায় সম্ভাব্য শান্তি পরিকল্পনা ও রাশিয়ার দাবির বিষয়গুলো সামনে এসেছে। কিন্তু এ শান্তি আলোচনা আসলে কতটা আন্তরিকতাপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, যখন শান্তি আলোচনা চলছে, একই সময়ে মারিউপোল, কিয়েভ, খারকিভসহ বিভিন্ন শহরে রাশিয়া বোমাবর্ষণ করে যাচ্ছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইম টুডের সঙ্গে আলাপচারিতায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, ‘আমরা যা দেখছি তা হলো, এখানে রুশ বাহিনীকে যুদ্ধক্ষেত্রে নতুন করে সংগঠিত করার সুযোগ তৈরির একটি চেষ্টা হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে, এ সমঝোতা আলোচনা নৃশংসতা থেকে নজর সরানোর আরেকটি চেষ্টাও হতে পারে।’

এ বিষয়ে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তি নিয়ে গঠিত পার্লামেন্টারি কমিটির চেয়ারপারসন ইভানা ক্লিমপুশ সিন্তসাদজে বলেছেন, এখানে মূল বিষয়গুলো নিয়ে কথা বলার তেমন সুযোগই নেই। তারা (রাশিয়া) ইউক্রেনীয়দের দিয়ে নিজেদের দাবি পূরণ করানো ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় আগ্রহী নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সংকট সমাধানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন। গত শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এখন সাক্ষাতের সময়, আলোচনার সময়’।

দুই বছরের বেশি সময় আগে এ দুই নেতার দেখা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে। এরপর থেকেই জেলেনস্কির সঙ্গে সাক্ষাতে রাজি হননি পুতিন। সম্প্রতি দুই নেতাকে মুখোমুখি করার উদ্যোগ নেয় তুরস্ক। শান্তি আলোচনার আরও অগ্রগতি হলেই এটা সম্ভব হতে পারে।