রাশিয়া ও ইউক্রেনের ‘শান্তি আলোচনা’ বন্ধ কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৯ মার্চ দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ বৈঠক হয়
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর কিছুদিনের মধ্যেই মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা শুরু হয়। কিন্তু প্রায় দুই মাস ধরে আলোচনা বন্ধ। এ জন্য একে অপরকে দোষারোপ করছে দেশ দুটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেনের ওপর শান্তি আলোচনা বন্ধের দায় চাপিয়ে গতকাল বুধবার ক্রেমলিন বলেছে, শান্তি আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে ইউক্রেন কোনো আগ্রহ দেখাচ্ছে না। এদিকে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য পাল্টা রাশিয়াকে দায়ী করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সর্বশেষ মুখোমুখি বৈঠক করেন ২৯ মার্চ। কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, এরপর মুখোমুখি বৈঠক না হলেও দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। কিন্তু গত মঙ্গলবার উভয়পক্ষ জানিয়েছে, শান্তি আলোচনা ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে।

বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আলোচনায় অগ্রগতি হচ্ছে না এবং আমরা এখন দেখছি, আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে ইউক্রেনের আলোচকদের কোনো আগ্রহ নেই।’

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কোকে উদ্ধৃত করে মঙ্গলবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, কোনো মাধ্যমেই রাশিয়া ও ইউক্রেনের আলোচনা হচ্ছে না।’ ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কিয়েভ বস্তুতপক্ষে আলোচনার প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।’

এদিকে এভাবে শান্তি আলোচনা থমকে থাকা নিয়ে উদ্ভূত পরিস্থিতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্তন জেরাশেঙ্কো।

তিনি বলেন, ‘আলোচনার জন্য প্রস্তুত নন পুতিন। শান্তির একমাত্র সুযোগ দখলদার রুশদের বিনাশ, যখন তারা পরাজয়ের জন্য প্রস্তুত হবে। আমার মনে হয় এটা কয়েক মাসের ব্যাপার।’

এদিকে পুতিনের সঙ্গে আবার সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত সপ্তাহে তিনি এ প্রস্তাব দেন। কিন্তু জেলেনস্কির একজন উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক মঙ্গলবার বলেছেন, তাঁদের মধ্যে এমন আলোচনা এখনো অপেক্ষমাণ।