রাশিয়াকে আবার সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইউক্রেনের সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলে ‘চরম বিপজ্জনক ও উসকানিমূলক’ তত্পরতা থেকে বিরত থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ শনিবার এএফপির খবরে জানানো হয়, ইউক্রেনের সীমানায় প্রবেশ করা রুশ সেনাদের গাড়িবহরের একাংশ ধ্বংস করার কথা দাবি করেছে দেশটির সরকার। এর পরই যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়াকে ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘর্ষে নাক না গলাতে সতর্ক করল।
এ ব্যাপারে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেটলিন হেইডেন বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনকে অস্থিতিশীল করতে রাশিয়া ধাপে ধাপে সামরিক তত্পরতা বাড়িয়ে চলছে। বিষয়টি চরম বিপজ্জনক ও উদ্বেগজনক।’
ন্যাটোও ইউক্রেনের পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার দায়ে রাশিয়াকে অভিযুক্ত করেছে। ওই অঞ্চলে ক্রেমলিনপন্থী বিদ্রোহীরা গত চার মাস ধরে কিয়েভের বিরুদ্ধে লড়াই করছে।
রাশিয়ার ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়া-ইউক্রেনের সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অস্ত্রের সরবরাহ বা সেনা পাঠানো বন্ধ করতে রাশিয়ার প্রতি দাবি জানিয়েছে ইইউ। সংঘাতপূর্ণ ওই অঞ্চল থেকে রাশিয়ার মোতায়েন করা সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইইউ।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে সংঘাতপূর্ণ এলাকায় রাশিয়ার সামরিক কর্মকাণ্ড নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। রাশিয়ার দাবি, সংঘাতপূর্ণ ওই অঞ্চলে মানবিক সাহায্যের জন্য এই তত্পরতা চালানো হচ্ছে। বিষয়টিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা প্রদান হিসেবে দেখছে ইউক্রেন সরকার।