রাশিয়াকে নিয়ে ভয় নেই: রুশ প্রতিরক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্কোর রেডিসন রয়্যাল হোটেলের কনগ্রেস পার্কে শুরু হওয়া দুই দিনের ষষ্ঠ মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু বক্তব্য দেন। ছবি: প্রথম আলো
মস্কোর রেডিসন রয়্যাল হোটেলের কনগ্রেস পার্কে শুরু হওয়া দুই দিনের ষষ্ঠ মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু বক্তব্য দেন। ছবি: প্রথম আলো

ভয় না পেয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক স্থাপনের কাজ শুরু করা উচিত ব্রাসেলসের। সন্ত্রাসবিরোধী কার্যকর কৌশল তৈরিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও রাশিয়াকে একসঙ্গে কাজ করতে হবে। রাশিয়াকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই।

গতকাল বুধবার মস্কোর রেডিসন রয়্যাল হোটেলের কনগ্রেস পার্কে শুরু হওয়া দুই দিনের ষষ্ঠ মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু ওই মন্তব্য করেন।

রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েনের সম্পর্কের দিকে ইঙ্গিত করে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ ফোবিয়া ছড়ানোর কাজে ব্যস্ত রয়েছে আধুনিক ইউরোপ। ইইউয়ের অবাস্তব ধারণা হলো, রাশিয়া গোটা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি।

ইউরোপীয় ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে রাশিয়ার আগ্রহের কথা উল্লেখ করেন সেরগেই শোইগু। দুই পক্ষের জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে নতুন প্রস্তাবে সাড়া দিতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সেরগেই বলেন, ‘শান্তি ও উন্নয়নের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এমন সব সমস্যাকে আমাদের চিহ্নিত করতে হবে।’

রাশিয়া-ইইউ সম্পর্ক নিয়ে আশার কথাও জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘রাশিয়াকে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গিতে কিছুটা হলেও পরিবর্তন ঘটেছে। মস্কোর সঙ্গে সংলাপ শুরু করা ছাড়া সম্পর্ক উন্নয়নে বিকল্প কোনো পথ নেই। ইইউয়ের বিভিন্ন পর্যায়ের বৈঠকে এ–সংক্রান্ত বিবৃতি আমরা আজকাল প্রায়ই শুনতে পাই।’

আধুনিক বিশ্বে জঙ্গিবাদকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে সেরগেই শোইগু আরও বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম কাজ হচ্ছে জঙ্গিগোষ্ঠী নির্মূল করা। এর বাস্তব উদাহরণ হলো সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) ও জাবহাত আন নুসরা (নুসরা ফ্রন্ট) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে রাশিয়ার চলমান সামরিক অভিযান।

সিরিয়া সংকটে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতাকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করলেও রাশিয়া ও ন্যাটো জোটের মধ্যে শীতল সম্পর্ক অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সেরগেই শোইগু। রাশিয়া-ন্যাটো সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ন্যাটোর সঙ্গে সম্পর্কের অবনতির পেছনে রাশিয়া দায়ী নয়। রাশিয়ার বিরুদ্ধে ভয়ানক তথ্যযুদ্ধ চালানো হচ্ছে। রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে সামরিক বেষ্টনী তৈরি করে ন্যাটো বিপজ্জনক কৌশলগত নকশা তৈরি করছে।

উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরোভ, রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাতরুশেভ ও রুশ গোয়েন্দা সংস্থার (এফএসবি) পরিচালক আলেক্সান্দর বোর্তনিকভ।

আন্তর্জাতিক নিরাপত্তা, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের মতবিনিময়ের জন্য ২০১২ সাল থেকে মস্কোয় নিরাপত্তা সম্মেলনের আয়োজন করে আসছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বছর বিশ্বের ৮৩টি দেশের ৭০৮ জন প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিতে মস্কোয় এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সাবেক রাষ্ট্র প্রধানসহ জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা, কমনওয়েলথভুক্ত স্বাধীন দেশ এবং সিএসটিও জোটের প্রতিনিধিরা। সম্মেলনে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন মেজর জেনারেল (অব.) আমছা আমিন।

সম্মেলনের শেষ দিনে জঙ্গিবাদ ও মধ্যপ্রাচ্যে উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠীদের বিরুদ্ধে সংগ্রাম, তথ্যপ্রবাহে নিরাপত্তা জোরদার, রকেটবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাসহ মধ্য এশিয়ায় নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে।