রাশিয়ার অর্থনীতি নিয়ে অবস্থান বদলাল জেপি মরগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেপি মরগান বলেছে যা অনুমান করা হয়েছিল রাশিয়ার অর্থনৈতিক অবস্থা তার চেয়ে ভালো
রয়টার্স ফাইল ছবি

ইউক্রেনে হামলার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েও রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত সপ্তাহে আমেরিকাভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক সেবা হোল্ডিং সংস্থা জেপি মরগান চেজ অ্যান্ড কোং গ্রাহকদের দেওয়া এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। গত সোমবার তা জনসম্মুখে প্রকাশ করা হয়।

এর আগে রাশিয়ার অর্থনীতিতে মন্দার পূর্বাভাস দেয় জেপি মরগান। তবে বিজনেস ইনসাইডার বলছে, জেপি মরগান ব্যাংকের বিশ্লেষকেরা বিবৃতিতে বলেন, তাঁদের হাতে যে তথ্য আছে, তাতে রাশিয়ার অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরটির খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী ব্যাংকের বাণিজ্যিক জরিপ বলছে, রাশিয়ায় বড় ধরনের কোনো মন্দার আভাস পাওয়া যাচ্ছে না। এই জরিপ আরও বলছে, বিদ্যুৎ খরচ ও আর্থিক প্রবাহের উচ্চসূচকগুলো আভাস দিচ্ছে যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা যতটা অনুমান করা গিয়েছিল, তার চেয়ে ভালো।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে কয়েক মাস ধরে
রয়টার্স ফাইল ছবি

জেপি মরগান এর আগে আভাস দিয়েছিল রাশিয়ার জিডিপি এ বছর ৩৫ শতাংশ কমতে পারে। এসব পূর্বাভাস থেকে সরে এসেছে জেপি মরগান।

তবে জেপি মরগান এমনও বলছে, রাশিয়ায় নিষেধাজ্ঞার প্রভাব ভবিষ্যতে বোঝা যাবে। রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান শুরু না করত তাহলে অর্থনৈতিক অবস্থা আরও ভালো থাকত।
জেপি মরগান ব্যাংকের বিশ্লেষকেরা আরও বলছেন, রাশিয়ায় রপ্তানি কমছে। তাঁরা বলছেন, নিষেধাজ্ঞার প্রভাব ভবিষ্যতে দেখা যাবে, তবে রাশিয়ায় খুব বেশি মন্দা হবে না।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া অর্থনৈতিক বিধিনিষেধের মুখে পড়েছে। হামলার জন্য পশ্চিমারা রাশিয়ার সমালোচনা করছেন। রাশিয়ার অন্যতম রপ্তানিপণ্য তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজ প্রস্তুত করছে। তেল নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনা করছে ইইউ। সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হয়েছে। রাশিয়ার ব্যাংক, আর্থিক সংস্থা ও বিভিন্ন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির অর্ধেক বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

তবে রাশিয়াও পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। দেশটি জাতীয় মুদ্রা রুবলের পতন ঠেকাতেও সক্ষম হয়েছে। তবে অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকদের মধ্যে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে।

রাশিয়ার আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) তথ্য বলছে, এ বছরের শুরু থেকে দেশটির তেল রপ্তানি খাতে রাজস্ব ৫০ শতাংশ বেড়েছে। আইইএর মাসিক বাজার জরিপ বলছে, মস্কো এ বছর প্রতি মাসে তেল ও তেলজাত পণ্য বিক্রি করে দুই হাজার কোটি ডলার আয় করেছে।

অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও আয় বেড়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়ায় তেল আমদানি নিষিদ্ধ করেছে। ইইউ এবং যুক্তরাজ্য বছরের শেষ নাগাদ রাশিয়ার অপরিশোধিত সমস্ত ক্রয় বাতিল করার পরিকল্পনা ঘোষণা করেছে এবং শেল এবং টোটাল এনার্জির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

রাশিয়ার তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে ইউরোপের বাজারগুলো সংকুচিত হয়ে পড়েছে। আইইএ বলছে, বিশ্বে রাশিয়ার তেল সরবরাহ গত মাসে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল কমেছে। বছরের দ্বিতীয়ার্ধে এটি তিন গুণ কমতে পারে।