ইউক্রেনের ব্যাপারে রাশিয়া তার অবস্থান এক সপ্তাহের মধ্যে না পাল্টালে দেশটির ওপর নতুন অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো সতর্ক করে দিয়ে গতকাল রোববার বলেছেন, তাঁর দেশ পূর্ণাঙ্গ যুদ্ধের পথ থেকে প্রায় না ফেরার মতো অবস্থায় পৌঁছে গেছে।
এ রকম প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন কর্তৃপক্ষের উচিত পূর্বাঞ্চলে একটি পৃথক রাষ্ট্র গঠনের
বিষয়ে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসা। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
পশ্চিমা নেতারা ব্রাসেলসে ইইউর সম্মেলনে অভিযোগ করেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে নিয়মিত তৎপরতা চালাচ্ছে। বিষয়টি সবাই জানে এবং এ ব্যাপারে তাদের শিগগিরই পদক্ষেপ নিতে হবে।
ইইউ ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়ার ওপর কিছু অবরোধ আরোপ করে রেখেছে। এসবের মধ্যে রয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রতিরক্ষা-উপকরণ রপ্তানি ও তেল রপ্তানির মতো কয়েকটি খাত।
ইউক্রেন প্রশ্নে ইইউর এক সপ্তাহের চরমপত্রের পর পুতিন বলেন, ‘মানুষকে খুব কাছ থেকে গুলি করা হচ্ছে, এমন পরিস্থিতিতে রাশিয়া চুপ করে বসে থাকতে পারে না।’ পুতিন বিদ্রোহীদের কার্যকলাপকে নিজেদের অধিকার রক্ষায় সচেষ্ট মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেন। ইইউর তরফ থেকে আরও নিষেধাজ্ঞার হুমকি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘ইউরোপীয়রা ইউক্রেনে অভ্যুত্থানে সমর্থন দিচ্ছে।’ রুশ প্রেসিডেন্ট মন্তব্য করেন, পাশ্চাত্যের উচিত ছিল এ পরিস্থিতির বিষয়ে রাশিয়ার প্রতিক্রিয়া আগে থেকে অনুমান করা।
রুশ প্রেসিডেন্ট পুতিন ও অন্য শীর্ষ কর্মকর্তারা ইউক্রেনে তাঁদের সেনা প্রবেশ বা বিদ্রোহীদের সহায়তার অভিযোগ অস্বীকার করে আসছেন। পুতিন গতকাল রুশপন্থী-অধ্যুষিত পূর্ব ইউক্রেনে পৃথক রাষ্ট্র গঠনের বিষয়টি তোলেন। তিনি বলেন, ‘দেশটির জনগণের স্বার্থেই কিয়েভকে অর্থবহ আলোচনায় যেতে হবে।’
এদিকে রাশিয়ার ট্যাংক হামলায় ইউক্রেনের নভোসভিতলিভকা নামের একটি ছোট সীমান্ত শহর মাটির সঙ্গে মিশে গেছে বলে কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে। ইউক্রেনের সামরিক মুখপাত্র আন্দ্রি লিসেঙ্কো রাশিয়ার ওই হামলার সময় উল্লেখ না করে বলেন, শহরটির প্রতিটি ভবন ধ্বংস হয়ে গেছে বলে তাঁরা খবর পেয়েছেন। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা গত কয়েক দিনে পূর্ব ইউক্রেনে বেশ কিছু নতুন এলাকার দখল নিয়েছে। এই লড়াইয়ে এ পর্যন্ত প্রায় দুই হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছে। রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ নিজের সঙ্গে যুক্ত করে নেওয়ার পর গত এপ্রিলে ওই লড়াই শুরু হয়।