
রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৮৯ নেতার ওপর সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইইউ। রাশিয়ার কালো তালিকায় রয়েছে ইইউর মহাসচিব ইউ করসেপিয়াস এবং যুক্তরাজ্যের সদ্য সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ। ইউক্রেন সংঘাতে ভূমিকার জন্য রাশিয়ার বিরুদ্ধে ইইউর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবেই এটি করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
ইইউ বলেছে, এই তালিকা প্রকাশ একেবারে ‘স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক’। তালিকাটি প্রকাশের কোনো ব্যাখ্যাও দেয়নি রাশিয়া। ইইউ জানায়, বেশ কয়েকবারের অনুরোধের পর রুশ সরকার এই কালো তালিকা পাঠায়।
জার্মানির একটি ওয়েবসাইটে কালো তালিকাভুক্ত নেতাদের নাম প্রকাশ করা হয়েছে।
কালো তালিকাভুক্ত নেতাদের অনেকেই ক্রেমলিনের কড়া সমালোচক হিসেবে পরিচিত। এঁদের কয়েকজন সম্প্রতি রাশিয়া সফর করে এসেছেন। তালিকায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের মহাপরিচালক অ্যান্ড্রু পারকার, এমআইসিক্সের সাবেক প্রধান স্যার জন সয়ার্স, প্রতিরক্ষা বাহিনীর প্রধান স্যার নিকোলাস হাটন এবং ইইউ পার্লামেন্টে উদারপন্থী গ্রুপের নেতা গি ফারহফস্টাডের নাম আছে বলে জানা গেছে।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে গত শুক্রবার জানান, তালিকায় নেদারল্যান্ডসের তিন রাজনীতিকের নাম আছে। রুটে বলেন, আন্তর্জাতিক আইন মেনে ওই তালিকা করা হয়নি।
তালিকা নিয়ে ইইউর মুখপাত্র গত শনিবার বলেন, ‘রাশিয়ার সরকারের পক্ষ থেকে ৮৯ জনের একটি তালিকা আমাদের কাছে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তের ভিত্তি কী, কিসের ভিত্তিতে বা কোন প্রক্রিয়ায় এটা তৈরি করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
ওই মুখপাত্র আরও বলেন, ‘আমরা মনে করি, এই তালিকা তৈরির প্রচেষ্টা একেবারেই স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক।’
তালিকাটি রাশিয়া নিজে সরকারিভাবে প্রকাশ করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তালিকায় কাদের নাম আছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়া হিসেবেই এই তালিকা তৈরি করা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘বেছে বেছে যে তালিকায় ঠিক এসব লোকের নামই রাখা হয়েছে, তার কারণটা খুবই সহজ। ইইউভুক্ত যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেসব দেশের প্রতিনিধিদের ওপরই নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।’
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘এ তালিকার আইনি ভিত্তি কী, সে বিষয়ে রুশ কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। রাশিয়া যদি ভেবে থাকে যে তালিকা প্রকাশের পর ইইউ দেশটির ওপর নিষেধাজ্ঞা নিয়ে তাদের অবস্থান পাল্টাবে, তবে তারা ভুল করছে।’
২০১৪ সালে প্রতিবেশী ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়া নিজের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পর ইইউ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনীর সঙ্গে রুশপন্থী বিদ্রোহীদের লড়াইয়ের সময় এই নিষেধাজ্ঞা আবার বাড়ানো হয়।