রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধে পোল্যান্ডে খসড়া আইন অনুমোদন
রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করতে একটি খসড়া আইন অনুমোদন করেছে পোল্যান্ড সরকার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদে এটি অনুমোদন করা হয়। পোল্যান্ড সরকারের মন্ত্রিসভার মুখপাত্র পিয়ত্রো মুলারের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার জীবাশ্ম জ্বালানিকে অন্তর্ভুক্ত করার জন্য জোটটির প্রতি আহ্বান জানিয়ে আসছিল পোল্যান্ড। তবে নিষেধাজ্ঞা আরোপ না করে রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর কৌশল বেছে নিয়েছে ইইউ। এমন অবস্থায় এককভাবেই রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে পোল্যান্ড।
মঙ্গলবার পোল্যান্ড সরকারের মন্ত্রিসভার মুখপাত্র পিয়ত্রো মুলার বলেন, ‘আমরা চাই না আর বেশি দিন এ আমদানি চলুক। যদিও আমরা বুঝি, ইউরোপীয় ইউনিয়ন আজ পর্যন্ত এ ধরনের কোনো ব্যবস্থা না নেওয়ায় আমাদের জন্য ঝুঁকি থেকে যাচ্ছে।’
ইউরোপীয় ইউনিয়নের বিধি অনুযায়ী, সদস্যদেশের কেউ যদি কারও ওপর নিষেধাজ্ঞা দিতে চায়, তবে তবে গোটা জোটের অনুমোদন নিতে হবে। সদস্যদেশের একতরফা পদক্ষেপের কারণে তাদের শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে ইইউ।
পোল্যান্ডে কয়লা আমদানির বেশির ভাগই হয় রাশিয়া থেকে। পোল্যান্ডে মোট চাহিদার প্রায় ২০ শতাংশই মস্কো থেকে আসে। ২০২০ সালে রাশিয়া থেকে পোল্যান্ডে প্রায় ৯৪ লাখ টন কয়লা আমদানি হয়েছে। এসব কয়লার বেশির ভাগই ব্যবহৃত হয়েছে সাধারণ মানুষের বাড়িঘর উষ্ণ রাখার কাজে। মোট চাহিদার ৫০ শতাংশ গ্যাস ও ৬০ শতাংশের বেশি তেল রাশিয়া থেকে আমদানি করে পোল্যান্ড।
গত সপ্তাহে জার্মানি ঘোষণা দিয়েছিল, তারা এ বছরের শেষ নাগাদ রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেবে। আর ২০২৪ সাল নাগাদ রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করে দেবে বলেও জানিয়েছে তারা।