রাশিয়ার জ্বালানি তেল বর্জনের আহ্বান জেলেনস্কির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: রয়টার্স

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি তেল ও তেলজাতীয় পণ্য বর্জন করতে বলেছেন তিনি। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন, ‘চলমান হামলা থেকে এটাই বোঝা যায়, ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা থেকে এতটুকু সরেনি রাশিয়া। আমাদের নিষেধাজ্ঞার নতুন একটি প্যাকেজের প্রয়োজন।’
ব্রিফিংয়ে রাশিয়ার রপ্তানি পণ্যগুলো বর্জনের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। বিশেষ করে দেশটি থেকে জ্বালানি তেল ও তেলজাতীয় পণ্য আমদানি বন্ধের কথা উল্লেখ করেন তিনি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এর মধ্যেই দেশটি থেকে তেল আমদানি বন্ধের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাতীয় পণ্যের ১০ শতাংশই আসে রাশিয়া থেকে।

আরও পড়ুন

রোববার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে জানান, রাশিয়াকে একঘরে করতে শক্ত আইন নিয়ে কাজ করছেন মার্কিন আইনপ্রণেতারা। এর জেরে যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল ও জ্বালানি আমদানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা আসতে পারে।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে তেলের জন্য ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। একই বিষয়ে সৌদি আরবের দ্বারস্থ হতে যাচ্ছে দেশটি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়, সৌদি আরবকে তেলের উত্পাদন বাড়ানোর অনুরোধ করবে যুক্তরাষ্ট্র।