রাশিয়ার তেল আনা বন্ধ করলে জ্বালানি পাব কোথায়: হাঙ্গেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের একটি প্রস্তাব তুলে ধরেছে ইউরোপীয় কমিশন
ফাইল ছবি: রয়টার্স

চলতি বছরেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের একটি প্রস্তাব নিয়ে হাজির হয়েছে ইউরোপীয় কমিশন। আজ বুধবার ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন এই প্রস্তাব তুলে ধরেছেন। তবে তাতে একমত হতে পারছে না হাঙ্গেরি।

হাঙ্গেরি সরকারের মুখপাত্র জোল্টান কোভাকস বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সকে বলেছেন, রাশিয়া থেকে তেল আনা বন্ধ করলে কীভাবে চলবে, সে বিষয়ে কোনো পরিকল্পনা দেখতে পাচ্ছেন না তাঁরা।

তিনি বলেন, এটা (রাশিয়ার বিকল্প উৎস থেকে তেল আনা) কীভাবে করা হবে, সে বিষয়ে কোনো পরিকল্পনা বা নিশ্চয়তা বর্তমান প্রস্তাবে নেই। হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, সে বিষয়েও কিছু বলা হয়নি।

‘তাহলে আপনারা কি ইইউর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছেন?’ এই প্রশ্নের কোনো জবাব দেয়নি হাঙ্গেরি সরকারের প্রেস অফিস।

ইউরোপীয় কমিশনের প্রধান যে প্রস্তাবনা তৈরি করেছেন, তা এএফপির হাতে এসেছে। সেখানে রাশিয়ার তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হাঙ্গেরি ও স্লোভাকিয়াকে নিষেধাজ্ঞা কার্যকরের জন্য বাড়তি সময় দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

এদিকে উরসুলা ফন ডার লিয়েনের প্রস্তাব নিয়ে আজই ইইউ জোটভুক্ত ২৭ সদস্য দেশের রাষ্ট্রদূতেরা আলোচনায় বসতে যাচ্ছেন। কারণ, ইইউর প্রস্তাব বাস্তবায়নের আগে সদস্য দেশগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

অবশ্য হাঙ্গেরি ও স্লোভাকিয়া আগেই বলে রেখেছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধে তারা ইইউর নিষেধাজ্ঞা সমর্থন করবে না। কারণ, রাশিয়া ছাড়া তাদের তেল-গ্যাস আমদানির তেমন বিকল্প দেশ নেই। এর মধ্যে হাঙ্গেরি চাহিদার ৬৫ শতাংশ তেল এবং ৮৫ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোয় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। এর কারণ হিসেবে তিনি বলে আসছেন, তাঁর দেশ রাশিয়ার তেল-গ্যাসের ওপর অত্যন্ত নির্ভরশীল।