রাশিয়ার তেল-গ্যাসে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিমধ্যে রুশ তেলের বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনে সামরিক হামলার কারণে রাশিয়া থেকে তেল–গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রভাবে হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল। পরে আবার তা কমেছে। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা সামান্যই। তাই তেলের বাজারে দীর্ঘ মেয়াদে নিষেধাজ্ঞার প্রভাব না-ও পড়তে পারে। যদিও ইতিমধ্যে রুশ তেলের বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স ও আল–জাজিরার।

আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে ১১১ ডলার ৮১ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ২ ডলার ৪৮ সেন্ট বেশি। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ২ ডলার বেড়ে ১০৮ ডলার শূন্য ২ সেন্টে বিক্রি হয়েছে। আগের দিনও জ্বালানি পণ্যটির দাম ২ দশমিক ৫ শতাংশ কমেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাড়লেও সর্বশেষ সপ্তাহে তেলের সাপ্তাহিক দরে গত নভেম্বরের পর সর্বোচ্চ ৫ দশমিক ২ শতাংশ পতন দেখা গেছে। অথচ রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জেরে গত সোমবার ব্যারেলপ্রতি তেলের দাম ১৩৯ ডলার ছাড়িয়ে যায়। গত ১৪ বছরের মধ্যে এটাই জ্বালানি পণ্যটির সর্বোচ্চ দামের রেকর্ড।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ওয়ানডা করপোরেশনের বাজার বিশ্লেষক জেফরি হ্যালি বলেন, রাশিয়ার তেল–গ্যাসের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো অতিমাত্রায় নির্ভরশীল। এটা স্পষ্ট হয়ে গেছে যে মস্কোর জ্বালানি খাতের ওপর ওয়াশিংটন ও লন্ডনের নিষেধাজ্ঞায় ইইউ যুক্ত না–ও হতে পারে। মূলত এ কারণে জ্বালানি তেলের দাম হঠাৎ বাড়লেও পরে কমে এসেছে।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান কমনওয়েলথ ব্যাংক বলেছে, তেলের মূল্যবৃদ্ধি স্বল্প মেয়াদে বজায় থাকতে পারে। চলতি বছরের এপ্রিল–জুন ও জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে অবস্থান করার সম্ভাবনা রয়েছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। অন্যদিকে সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়া। দেশটি থেকে প্রতিদিন ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে।

আরও পড়ুন

অন্যদিকে গত বছর রাশিয়া থেকে দৈনিক গড়ে ২ লাখ ৯ হাজার ব্যারেল অপরিশোধিত তেল এবং আরও ৫ লাখ ব্যারেল জ্বালানি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ হিসাব আমেরিকান ফুয়েল অ্যান্ড পেট্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স ট্রেড অ্যাসোসিয়েশনের। সংগঠনটির হিসাব, যুক্তরাষ্ট্রের তেলের চাহিদার ৩ শতাংশ এবং দেশটিতে মোট পরিশোধিত তেলের ১ শতাংশের জোগানদাতা রাশিয়া। এটা রাশিয়ার মোট তেল রপ্তানির ৩ শতাংশ।

ইউক্রেনে হামলার জেরে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করেন। যুক্তরাজ্য বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করবে। এ ছাড়া ইইউ রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই–তৃতীয়াংশ কমানোর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

মার্কিন প্রশাসন ভেবেছিল, রাশিয়া তেলে নিষেধাজ্ঞা আরোপের পর নিজস্ব উৎপাদনকারীরা বাড়তি সরবরাহের চাপ সামলাতে পারবে। তবে শ্রমিক, সরঞ্জামসংকটসহ নানা কারণে তা সম্ভব হয়নি। এ কারণে তেল আমদানিতে ভেনেজুয়েলা, ইরানসহ বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ছুটে গেছেন ওয়াশিংটনের দূত। এ পরিস্থিতিতে দীর্ঘদিন মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ও রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু ভেনেজুয়েলা নিজেদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা করছে।

তেলের চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে কানাডা। দেশটির প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী জোনাথন উইলকিনসন গতকাল জানিয়েছেন, পাইপলাইনযোগে যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি বাড়ানো হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিদিন গড়ে ৪০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করে কানাডা।

আরও পড়ুন

প্রতিবছর রাশিয়া থেকে রপ্তানি হওয়া তেলের ২৭ শতাংশের গন্তব্য চীন। তা দিয়ে চীনের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার মাত্র ১৬ শতাংশ পূরণ হয়। বিশ্লেষকেরা মনে করছেন, পশ্চিমারা আমদানি বন্ধ রাখলে বন্ধুরাষ্ট্র চীনে তেল রপ্তানি আরও বাড়াতে পারে রাশিয়া। রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা বেলারুশ, কিউবা, কাজাখস্তান, লাটভিয়া চলমান যুদ্ধে হয় মস্কোর পাশে রয়েছে কিংবা চুপ রয়েছে। তাই নিষেধাজ্ঞার জেরে তেলের বিকল্প রপ্তানি বাজার খুঁজতে মস্কোকে খুব একটা বেগ পেতে হবে না বলে মত বিশ্লেষকদের।

অনেকটা একই মত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মস্কোর ওপর নিষেধাজ্ঞা পশ্চিমাদের জন্য বুমেরাং হতে পারে বলে সতর্ক করে গত বৃহস্পতিবার তিনি বলেছিলেন, অতীতের মতোই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবে রাশিয়া। হয়ে উঠবে আরও শক্তিশালী। নিষেধাজ্ঞার ফলে পশ্চিমা দেশগুলোতেই খাবার ও জ্বালানি পণ্যের দাম বেড়ে যাবে।

আরও পড়ুন