রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন সংকট নিয়ে রা​শিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সব দেশ থেকে কৃষিপণ্য আমদানি নিষিদ্ধ বা কমিয়ে দিতে ডিক্রি জারি করেছেন পুতিন। তিনি গতকাল বুধবার ওই ডিক্রি​​র মাধ্যমে এক বছরের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করেন। খবর বিবিসির।

রাশিয়া এর আগেও অনে​ক দেশের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তা ছিল জনস্বাস্থ্যসংক্রান্ত।

নতুন ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় কোন কোন দেশ পড়বে, তা ​পুতিনের আদেশে উল্লেখ করা হয়নি। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বছরে ২০০ কোটি ইউরোর ফল ও শাকসবজি এবং যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি ইউরোর খাদ্য ও কৃষিপণ্য কিনে থাকে রা​শিয়া।

মস্কো সবচেয়ে বেশি কৃষিপণ্য আমদানি করত পোল্যান্ড থেকে। কিন্তু জনস্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে গত সপ্তাহে সেই আমদানিও বন্ধ করে দেয় তারা।