রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ দিচ্ছে ইইউ
রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের রূপরেখা নিয়ে গত শুক্রবার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী মঙ্গলবারের মধ্যে অবরোধ কার্যকরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউক্রেনের বিষয়ে মস্কোর ভূমিকার জের ধরে রাশিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে যাচ্ছে ইইউ। এই অবরোধ কার্যকর হলে এটাই হবে ইউক্রেনের কারণে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের প্রথম ঘটনা। রয়টার্স ও এএফপি।
ইইউর এই অবরোধ আরোপের প্রক্রিয়ার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া। দেশটি সতর্ক করে দিয়ে বলেছে, এই অবরোধ আরোপ করা হলে ইইউর সঙ্গে মস্কোর সব ধরনের যৌথ নিরাপত্তা সহযোগিতা ঝুঁকির মুখে পড়বে।
ইইউর একমত হওয়া রূপরেখায় বলা হচ্ছে, রাশিয়ার গুরুত্বপূর্ণ গ্যাস খাতের প্রযুক্তি এই অবরোধের বাইরে থাকবে। রূপরেখায় রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিস এফএসবির প্রধান আলেকজান্দার বোরতনিকোভ, পররাষ্ট্র গোয়েন্দা সার্ভিসের প্রধান মিখাইল ফ্রাদকোভসহ বেশ কিছু শীর্ষস্থানীয় কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞা এবং তাঁদের সম্পদ জব্দ করার কথাও বলা হয়েছে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতার প্রতি হুমকি সৃষ্টি করে রুশ সরকারের কৌশল প্রণয়নে ভূমিকা রাখায় এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া ক্রিমিয়াকে ইউক্রেনের সঙ্গে একীভূত করার পক্ষে কথা বলায় চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়।
ইইউর নতুন অবরোধের তালিকায় রাশিয়া ও ইউক্রেনের ১৫ জন কর্মকর্তা ছাড়াও ১৮টি প্রতিষ্ঠান ও সংগঠনের নাম রয়েছে।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট গত শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে আরও অবরোধ আরোপ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এ জন্য ইইউ ও জি-৭৭-এর সঙ্গে কাজ করছে ওয়াশিংটন। ইউক্রেনের পূর্বাঞ্চলের মালয়েশিয়ার উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় মস্কো জড়িত অভিযোগ করে আর্নেস্ট বলেন, এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘শাস্তিযোগ্য অপরাধ’ করেছেন।
ইউক্রেনের পার্লামেন্টের বিশেষ অধিবেশন: আগামী বৃহস্পতিবার ইউক্রেনের পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসছে। গত শুক্রবার প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কা বিশেষ এই অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনে প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনুকের পদত্যাগপত্র গ্রহণ করা বা না করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।