রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ
রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি নতুন অবরোধ গতকাল শুক্রবার থেকে কার্যকর হয়েছে। এতে দেশটির রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকের ঋণ কার্যক্রম এবং ইইউর সঙ্গে তেল ও প্রতিরক্ষা সরঞ্জামের ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। মস্কো অভিযোগ করেছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ ব্যাহত করতেই এ অবরোধ আরোপ করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
ইউক্রেনের সরকারি বাহিনী এবং দেশটির রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দেশের পূর্বাঞ্চলে চলা লড়াই বন্ধের লক্ষ্যে অস্ত্রবিরতি স্বাক্ষরিত হওয়ার পরও পশ্চিমারা রাশিয়ার ওপর এই নতুন অবরোধ আরোপ করেছে। ওই বিচ্ছিন্নতাবাদীরা মস্কোর মদদ পাচ্ছে বলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার ‘অবৈধ তৎপরতার’ কারণে ক্রেমলিনকে অধিকতর বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র শাস্তিমূলক ব্যবস্থা নেবে।
রাশিয়ার পার্লামেন্টের স্পিকার সের্গেই নারিশকিন গতকাল বলেছেন, ইউক্রেন সংকটের অজুহাত দেখিয়ে যু্ক্তরাষ্ট্র তাদের পুরোনো শত্রু রাশিয়ার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো ইইউর সঙ্গে তাঁর দেশের বন্ধন জোরদার করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি পশ্চিমা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছেন। পোরোশেঙ্কো গতকাল বলেন, ইইউর সঙ্গে ওই ঐতিহাসিক চুক্তির লক্ষ্যে আগামী মঙ্গলবার ইউক্রেন ও ইউরোপীয় পার্লামেন্ট বৈঠক করবে।
ইইউর সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠতার উদ্যোগই রাশিয়ার সঙ্গে দেশটির সাম্প্রতিক বিরোধের কারণ। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনকে রাশিয়া দৃশ্যত তার প্রভাববলয়ে রাখতে চায়।
ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইয়ে গত এপ্রিল থেকে এ পর্যন্ত অন্তত দুই হাজার ৭০০ জন নিহত হয়েছে। ১০ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।