রাশিয়ার বিরুদ্ধে লড়তে দেশে ফিরেছেন ৮০ হাজার মানুষ: ইউক্রেন
রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে এখন পর্যন্ত বিদেশ থেকে ৮০ হাজার ইউক্রেনীয় নাগরিক দেশে ফিরেছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, বিদেশফেরত ইউক্রেনীয়দের একটি বড় অংশ পুরুষ। তাঁরা সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
এদিকে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি–বিষয়ক উপদেষ্টা সোভেতলানা জালিচাক আল–জাজিরাকে বলেন, দেশজুড়ে লড়াইয়ের তীব্রতা বাড়ছে। ইউক্রেনের সাধারণ নাগরিকেরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সন্দিহান। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর বেরেগোভোয় অবস্থান করছেন জালিচাক। সেখান থেকে আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমাদের আশঙ্কা, পুতিন থামবেন না।’
এমন অবস্থায় সাধারণ নাগরিকেরাও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে যুদ্ধে যোগ দিচ্ছেন। সোভেতলানা জালিচাক বলেন, গত কয়েক দিনে ইউক্রেনের প্রায় এক লাখ সাধারণ নাগরিক দেশটির স্বেচ্ছাসেবী প্রতিরক্ষা দলে যোগ দিয়েছেন। এর মধ্যে তাঁর ভাইও রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘ও (জালিচাকের ভাই) সেনাবাহিনীর কেউ নয়, কিন্তু ও বন্দুক হাতে তুলে নিয়েছে এবং কিয়েভের প্রবেশমুখে একটি শহরের সুরক্ষায় নিয়োজিত আছে।’