ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন
রাশিয়ার বিরুদ্ধে ‘সম্মিলিত প্রতিক্রিয়া’র আহ্বান যুক্তরাষ্ট্রের
এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় ব্লিঙ্কেনের পক্ষ থেকে ভারতের প্রতি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ‘সম্মিলিত প্রতিক্রিয়া’র আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়। খবর আল-জাজিরার।
এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ হয়। তখন ইউক্রেনে সংঘাত বন্ধ করতে পুতিনকে আহ্বান জানিয়েছেন মোদি। বৃহস্পতিবার ভারত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্লিঙ্কেন রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানান। অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে একটি শক্তিশালী যৌথ প্রতিক্রিয়ার গুরুত্বের ওপর জোর দেন ব্লিঙ্কেন।
এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তাঁর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ফোনালাপ হয়েছে। লাভরভকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় তিনি জানান, লাভরভকে তিনি বলেছেন, সংলাপ এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায়। তিনি বলেন, ‘ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি, আলোচনা এবং কূটনীতিই সমাধানের সর্বোত্তম উপায়।’