রাশিয়ার বিরোধীদলীয় নেতার ১৫ দিনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্কোতে দুর্নীতিবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের নির্দেশ অমান্য করায় রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ওই বিক্ষোভের আয়োজন করায় তাঁকে সাড়ে ৩০০ ডলার জরিমানা করেছেন আদালত।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, আজ সোমবার দেশটির বিরোধীদলীয় নেতা নাভালনিকে জরিমানাসহ এ কারাদণ্ডাদেশ দেন মস্কোর আদালত। গতকাল রোববার মস্কোতে দুর্নীতিবিরোধী বিক্ষোভ থেকে অন্তত ৫০০ বিক্ষোভকারীসহ নাভালনিকে গ্রেপ্তার করে পুলিশ। নাভালনির দল ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

রুশ সরকারের অভিযোগ, বিরোধী দল ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জনগণকে আইনভঙ্গ করতে উৎসাহিত করছে এবং সহিংসতাকে উসকে দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র বলেন, বিরোধী দল বিক্ষোভ কর্মসূচিতে অর্থের বিনিময়ে অনেক তরুণকে ডেকে এনেছে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের পদত্যাগের দাবিতে রোববার বিক্ষোভে নামে হাজারো মানুষ। মস্কোর প্রধান সড়কসহ সেন্ট পিটার্সবার্গ, ভ্লাদিভোস্তক, তোমস্ক শহরে এ বিক্ষোভ হয়। ওই বিক্ষোভে নাভালনি যোগ দিলে মস্কো থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য নাভালনির নাম বেশ পরিচিত। একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গত প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি নাভালনি। যদিও নাভালনির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।