রাশিয়ার রাষ্ট্রদূতকে ফের তলব তুরস্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে রুশ রাষ্ট্রদূতকে ফের তলব করেছে আঙ্কারা। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তুরস্কের অভিযোগ, সিরিয়ায় হামলায় নিয়োজিত রাশিয়ার সামরিক বিমান দ্বিতীয়বার তাদের আকাশসীমায় ঢুকে পড়ে।

গত শনিবার একটি রুশ সামরিক বিমান প্রথমবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করে। এরপর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক।
শনিবারের ঘটনা সম্পর্কে রাশিয়ার ভাষ্য, খারাপ আবহাওয়ার কারণে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘটনাটি ঘটে।
অভিযোগ, গত রোববার দ্বিতীয়বার তুর্কি আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
তবে আঙ্কারার সবশেষ এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আকাশসীমা লঙ্ঘনকারী বিমান গুলি করে ভূপাতিত করার অধিকার তুরস্কের থাকা উচিত।
এক বিবৃতিতে ২৮ সদস্যের ন্যাটো রাশিয়ার আচরণকে ‘দায়িত্বহীন’ অভিহিত করে সতর্ক করেছে। তারা রাশিয়াকে ক্ষান্ত হতে বলেছে।
ন্যাটোর অভিযোগ, সিরিয়ায় সরকারবিরোধী ও বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এই হামলা বন্ধের আহবান জানিয়েছে ন্যাটো।
রাশিয়া বলছে, তারা সিরিয়ায় সক্রিয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্য উগ্রপন্থীদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে।