রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছি না: ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সঙ্গে যুদ্ধের আগে ইউক্রেন সেনাদের মহড়া
ফাইল ছবি: এএফপি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায়নি ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউক্রেনকে সমর্থন করে তারা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে স্পেনের একটি রেডিও চ্যানেলে ইউক্রেন-রাশিয়া সংকট নিয়ে আলাপকালে এ কথা বলেন ইইউর পররাষ্ট্রবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল। খবর আরটির
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। এরপর দেশটির ওপর নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। এ অঞ্চলের আকাশপথও রুশ উড়োজাহাজের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

স্পেনের ‘কাদেনা এসইআর’ রেডিওকে জোসেপ বোরেল বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছি না। তবে আক্রান্তের পক্ষে রয়েছি। আক্রান্ত ও আক্রমণকারীর মধ্যে কোনো মধ্যম দৃষ্টিভঙ্গি থাকতে পারে না। আপনাকে কোনো পক্ষ নিতে হবে।’

সম্প্রতি রাশিয়ার পরমাণু অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এ নির্দেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে কথা বলা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ, যুক্তরাষ্ট্র, কানাডাসহ তাদের মিত্রদেশগুলো। এসব নিষেধাজ্ঞা সমর্থন করে জোসেপ বোরেল বলেন, একটি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে সেগুলো নিষেধাজ্ঞা আরোপকারীর ওপরও পাল্টা আঘাত হানে। তাদের এর মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়।