রাশিয়ার সঙ্গে সামরিক মহড়া করবে ফিলিপাইন
যুক্তরাষ্ট্রের পুরোনো মিত্র ফিলিপাইন এবার রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিকল্পনা করছে। রাশিয়ার নৌবাহিনীর দুটি জাহাজ ম্যানিলায় বিরল যাত্রাবিরতি করেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের যুক্তরাষ্ট্রের দূরত্ব সৃষ্টির পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটল।
রাশিয়ার নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এদুওয়ার্দ মিখাইলভ গতকাল মঙ্গলবার মহড়ার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, এই যৌথ সামরিক মহড়ায় সমুদ্রে জলদস্যুতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ দুটি বিষয়কেই এ অঞ্চলের জন্য সবচেয়ে বড় নিরাপত্তাগত উদ্বেগ বলে উল্লেখ করেন তিনি।
ম্যানিলায় নোঙর ফেলা রুশ ডেস্ট্রয়ার অ্যাডমিরাল ট্রিবাটসের পাশে দাঁড়িয়ে এদুওয়ার্দ মিখাইলভ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমরা খুবই নিশ্চিত যে ভবিষ্যতে আপনাদের সঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নেব। এটা হতে পারে কেবল কৌশলগত। কিংবা কিছু যুদ্ধের অস্ত্রসরঞ্জামও ব্যবহৃত হতে পারে।’
রাশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা এদুওয়ার্দ মিখাইলভ এ সময় দক্ষিণ চীন সাগরে চীন ও মালয়েশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা সত্যিই আশা করছি, দক্ষিণ চীন সাগরে অল্প কয়েক বছরের মধ্যে পরীক্ষামূলকভাবে এ মহড়া শুরু হবে। কেবল রাশিয়া ও ফিলিপাইন নয়, এর সঙ্গে চীন ও মালয়েশিয়াও থাকবে।’
ফিলিপাইন নৌবাহিনীর কর্মকর্তা কমোডর ফ্রান্সিসকো কাবুদাও বলেন, রাশিয়ার কোনো সামরিক নৌযানের ফিলিপাইনে নোঙর করার মাত্র তৃতীয় ঘটনা এটি।
যুক্তরাষ্ট্রের সাবেক উপনিবেশ ফিলিপাইন গত কয়েক দশক থেকেই দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত মিত্র। দেশ দুটি একটি প্রতিরক্ষা চুক্তিতেও আবদ্ধ। কিন্তু ফিলিপাইনের ক্ষমতায় আসার মাত্র ছয় মাসেই স্বঘোষিত সমাজতন্ত্রী দুতার্তে তাঁর দেশের পররাষ্ট্র ও সামরিক জোটের পাল ঘুরিয়ে দেন চীন ও রাশিয়ার দিকে। গত বছরের অক্টোবরে বেইজিং সফরের সময় তিনি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আশা প্রকাশ করেন।