রাশিয়ার সামরিক মহড়ায় পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সামরিক মহড়া। ছবি: রয়টার্স
রাশিয়ার সামরিক মহড়া। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘জাপাড-২০১৭’ শীর্ষক সামরিক মহড়ায় উপস্থিত থাকবেন। মহড়ায় অংশ নিতে পুতিনের এ সফরে পশ্চিমা দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন।

দিমিত্রি পেসকভ জানান, কৌশলগত এই সামরিক মহড়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন। রাশিয়া-ইউরোপ সীমান্তবর্তী লেনিনগ্রাদ অঞ্চলে ১৮ সেপ্টেম্বর এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রুশ গণমাধ্যমকে দিমিত্রি পেসকভ বলেন, কমান্ড পোস্ট থেকে সামরিক মহড়া পর্যবেক্ষণ করবেন পুতিন। আর্মির কমান্ডার ইন চিফ হওয়ায় পুতিন নিয়মিত এ ধরনের মহড়ায় অংশ নেন। মহড়ায় যোগ দিতে পুতিনের সফর নিয়ে পশ্চিমা দেশগুলোর তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
১৪ সেপ্টেম্বর শুরু হওয়া ‘জাপাড-২০১৭’ শীর্ষক সামরিক মহড়া চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ছয়টি ধাপে রাশিয়া ও বেলারুশে এই মহড়া অনুষ্ঠিত হবে।
মহড়ায় ১২ হাজার ৭০০ সেনা অংশ নিচ্ছে। থাকছে ৭০টি বিমান, ২৫০টি ট্যাংক ও ১০টি যুদ্ধজাহাজ। এই মহড়া নিয়ে সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনভুক্ত (ন্যাটো) দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।