রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। রাশিয়ার তদন্ত দল আজ শনিবার এ কথা জানিয়েছে।

এএফপির খবরে জানা যায়, তদন্ত কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, গতকাল শুক্রবার রাতে নোভি ইউরনগয় শহরের কাছে এমআই-৮ হেলিকপ্টারটি ২২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাস্থলে ১৯ জন নিহত হয়। তাদের শরীরে একাধিক জখম ছিল।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্য, হেলিকপ্টারটি সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চল থেকে ইউরনগয় শহরের দিকে যাচ্ছিল। গ্রিনিচ মান সময় শুক্রবার দুইটা থেকে তিনটার দিকে ইয়ামালোনেতস্কি অঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক মন্ত্রণালয় এমারজেন্সি বলছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। বিধ্বস্ত বিমান থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলছেন, ইউরনগয়ের একটি হাসপাতালে আহত ব্যক্তিদের নেওয়া হয়েছে।

তদন্ত কমিটি বলছে, নিরাপত্তা-বিষয়ক নিয়মভঙ্গ বা যান্ত্রিক সমস্যা অথবা খারাপ আবহাওয়ার কারণে বিমান বিধ্বস্ত হতে পারে। এ বিষয়ে তদন্ত হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, কুয়াশার কারণে ঘটনাস্থলে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

গত বছর সাইবেরিয়ার শহর ইগারকায় একই ধরনের আরেকটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত হয়।