রাশিয়ায় ২০তম সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। এটি রাশিয়ার ওপর তাঁদের আস্থার প্রমাণ। পাশাপাশি একটি নির্ভরযোগ্য সহযোগী রাষ্ট্র হিসেবে বিশ্বের বৃহত্তম দেশটি নিজের অবস্থান তুলে ধরতে পেরেছে।
রাশিয়ার সাংস্কৃতিক রাজধানী সেন্ট পিটার্সবার্গের এক্সপোফোরাম প্রদর্শনী কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের উদ্বোধন পর্বে এ কথা বলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ও ফোরাম আয়োজক কমিটির প্রধান সের্গেই প্রিখোদকা।
সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামকে আন্তর্জাতিক সংলাপের উন্মুক্ত মঞ্চ হিসেবে উল্লেখ করে সের্গেই প্রিখোদকা বলেন, ফোরামে যোগ দিতে যাঁরা সেন্ট পিটার্সবার্গ এসেছেন, তাঁরা বিশ্ব অর্থনীতির উন্নয়নের চাকা সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে নিতে চান। রাশিয়ার সঙ্গে আগামী দিনের সম্পর্কের ওপর তাঁদের পূর্ণ বিশ্বাস রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক সম্পাদক থোরোল্ড ভারকেরের পরিচালনায় উদ্বোধন পর্বে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুঙ্কার, গিনির প্রেসিডেন্ট আলফা কনডে ও ইউরেশিয়ান অর্থনৈতিক কমিশনের চেয়্যারম্যান তিগরান সার্গসেয়ান।
ফোরামের প্রথম দিনে সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিকস বিজনেস ফোরাম, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি-২০-এর ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মেলনসহ দিনের অন্তত ৩০টির বেশি অধিবেশন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল ফোরামে অংশ নিচ্ছে। সমাপনী দিনে ‘রাশিয়া-বাংলাদেশ নতুন যুগের সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দলটির সঙ্গে থাকা মস্কোস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক।