রাশিয়ায় কপ্টার বিধ্বস্ত, নিহত ১৯
রাশিয়ার উত্তরাঞ্চলে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। দেশটির জিমালা-নিনেটস অঞ্চলের ভ্যানকর থেকে স্তারি ইরনেগয় এলাকায় যাওয়ার সময় গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে এটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, হেলিকপ্টারটিতে ২২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ১৬ যাত্রী ও তিন ক্রুর সবাই দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত বাকি তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দেশটির বার্তা সংস্থা তাস জানিয়েছে, হেলিকপ্টারটি সাইবেরিয়ার স্কল বিমান সংস্থার। এটি রুশ তেল কোম্পানি রোসনেফটের কর্মীদের বহন করছিল।
আঞ্চলিক সরকারি কর্মকর্তা কর্নেল দিমিত্রি আলেক্সান্দ্রফ বলেছেন, কুয়াশার কারণে এবং দৃষ্টিগ্রাহ্যতা কম থাকায় উদ্ধারকর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সাত ঘণ্টা সময় লেগেছে।
জিমালা-নিনেটসের প্রশাসক দিমিত্রি কবিলকিন গতকাল শনিবার এ দুর্ঘটনার জন্য ওই অঞ্চলে এক দিনের শোক ঘোষণা করেছেন। সেই সঙ্গে জাতীয় পতাকা নমিত রাখার পাশাপাশি যাবতীয় বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত রাখতে বলেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র দিমিত্রি পেসকফ।