রাশিয়ায় করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে
রাশিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গণ টিকাদান কর্মসূচি জোরদার করার মধ্যেই দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সরকারি হিসাবে গত শুক্রবার (সর্বশেষ ২৪ ঘণ্টায়) রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮১৫ জনের মৃত্যু হয়, শনাক্ত হয়েছে ২২ হাজার ২৭৭ জনের।
করোনা শনাক্তের বিচারে রাশিয়া বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। গত জুন মাসের মাঝামাঝি উচ্চ সংক্রমণশীল করোনার ডেলটা ধরন শনাক্ত হওয়ার পর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় ১ লাখ ৬৮ হাজার ৮৬৪ জনের মৃত্যু হয়েছে, যা ইউরোপে সর্বোচ্চ।
অপরদিকে রাশিয়ার ফেডারেল পরিসংখ্যান এজেন্সি রোস্টাটের দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসের শেষে রাশিয়ায় করোনাভাইরাস ও ভাইরাসের উপসর্গে অন্তত তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাধারণ মানুষকে টিকাদান নিয়ে প্রতিবন্ধকতায় পড়েছে সরকার। চলতি সপ্তাহে রাশিয়ার একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান লেভাদা সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ শতাংশ রাশিয়ান নাগরিক টিকা নিতে আগ্রহী নয়।
রাশিয়ার রাজধানী মস্কো করোনা প্রাদুর্ভাবের হটস্পট হয়ে উঠেছে। এদিকে মস্কোসহ রাশিয়ার অন্যান্য প্রদেশগুলোতে টিকাদান কর্মসূচি জোরদারের অংশ হিসেবে টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের নাগরিকদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন।
এখন পর্যন্ত রাশিয়ায় করোনাভাইরাসের তিন ধরনের টিকা রয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর উৎপাদিত কোনো টিকা এখন পর্যন্ত প্রয়োগের অনুমতি দেয়নি দেশটির সরকার।
সরকারি তথ্য অনুয়ায়ী, গত শুক্রবার পর্যন্ত রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে ৩ কোটি জনগণকে পূর্ণ ডোজ টিকা দেওয়া হয়েছে।