রাশিয়ায় করোনার সংক্রমণ ঠেকাতে ৮ দিন অফিস–আদালত বন্ধ
রাশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ব্যাপক বাড়ার কারণে সব কর্মস্থল আট দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে । আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ আদেশ জারি থাকবে। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।
আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরকারের এ প্রস্তাব অনুমোদন করেন।
সরকারি কর্মকর্তাদের ভার্চ্যুয়াল এক বৈঠকে পুতিন বলেন, পরিস্থিতি বুঝে এ নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে।
ওই সময়টাতেই এমনিতেই রাশিয়ায় স্কুলগুলোতে সরকারি ছুটি থাকে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে আজ ১ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২ লাখ ২৬ হাজার ৩৫৩ জনের মৃত্যু হয়েছে; যা ইউরোপ মহাদেশের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে ৩৪ হাজার ৭৪ জন নতুন করে শনাক্ত হয়েছে। দেশটিতে করোনার টিকাদান কার্যক্রম স্থগিত হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণের হার বেশ বেড়েছে। রাশিয়ার মাত্র ৩৫ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ পেয়েছেন।
গত পাঁচ সপ্তাহে মস্কোতে আগের তুলনায় আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন এক নির্দেশে জানান, ষাটোর্ধ্ব বয়সী যাঁরা টিকা পাননি, তাঁদের ঘরে থেকে কাজ করতে হবে এবং কর্মজীবী সবার টিকা নেওয়া বাধ্যতামূলক। আগামী সোমবার থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। একই সঙ্গে সোবিয়ানিন বলেন, প্রতিষ্ঠানের মালিকদের তাঁদের কর্মীর ৩০ শতাংশকে ঘরে থেকে কাজ করানোরার নির্দেশ দেন।