রাশিয়ায় চলছে ইউরো ফুটবল, বাড়ছে করোনার সংক্রমণ
রাশিয়ার করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এমন সময়ে এই ভাইরাসের সংক্রমণ সেখানে বাড়ছে, যখন উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে। খবর বিবিসির।
এ প্রসঙ্গে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, সেখানকার সংক্রমণ হঠাৎ করে বাড়ছে। গত বছর সেখানে করোনার সংক্রমণ যে চূড়ায় পৌঁছেছিল, তার কাছাকাছি চলে গেছে দৈনিক সংক্রমণ।
মস্কোয় প্রায় দুই কোটি মানুষের বসবাস। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সেখানে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহ করেন, এমন ব্যক্তিদের এবং গণপরিবহনে কাজ করেন, এমন ব্যক্তিদের করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউরো-২০২০-এর ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই শহরেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশটির চিকিৎসকেরা বলছেন, গত এক সপ্তাহে রাশিয়ায় ৩০ শতাংশ সংক্রমণ বেড়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ ভারতে শনাক্ত ডেলটা ভেরিয়েন্ট। রাশিয়াতেও একই ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানেও উল্লেখযোগ্য হারে এই ভেরিয়েন্ট শনাক্ত হচ্ছে। যদিও রাশিয়ায় এমনটা ঘটার কথা ছিল না। কারণ, দেশটি অনেক আগেই করোনাভাইরাসের টিকা এনেছে। কিন্তু টিকা দেওয়ার হার দেশটিতে খুবই কম। এ ছাড়া করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এখনো বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। গণজমায়েত ও বিনোদনকেন্দ্রে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে মস্কোয় হাসপাতালে করোনা রোগী ভর্তি ও সংক্রমণ ছিল সর্বোচ্চ চূড়ায়। এক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ঠিক একই পরিস্থিতির দিকে এগোচ্ছে। কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দেশটির হাসপাতালগুলোয় শয্যাসংকট দেখা দিতে পারে।
মস্কোয় করোনারবিষয়ক শীর্ষ চিকিৎসক ডেনিস প্রোটেনস্কো এই পরিস্থিতির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, পরিস্থিতি জটিলতার দিকে যাচ্ছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘করোনার সবচেয়ে বেশি ভুগছে মস্কো। তাই এই মহামারির বিরুদ্ধে এবং হাজারো নতুন মৃত্যু ঠেকাতে আমাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’