রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুন লাগার পর শেরেমেতেভো বিমানবন্দর। ছবি: এএফপি
আগুন লাগার পর শেরেমেতেভো বিমানবন্দর। ছবি: এএফপি

রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে জরুরি অবতরণের পর আগুন লেগে যায়। এ ঘটনায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও ছিল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

রাশিয়ার তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লেগে যাওয়া একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রথমবার জরুরি অবতরণে ব্যর্থ হয়ে বিমানটি দ্বিতীয়বারের চেষ্টায় জরুরি অবতরণ করে।

জরুরি অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যায়। শেরেমেতেভো বিমানবন্দর, রাশিয়া, ০৫ মে। ছবি: এএফপি
জরুরি অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যায়। শেরেমেতেভো বিমানবন্দর, রাশিয়া, ০৫ মে। ছবি: এএফপি

সুখোই সুপারজেট-১০০ বিমানটিতে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি অবতরণের পর রানওয়েতে বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানে ক্রুরা যাত্রীদের বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছেন। যাত্রীদের উদ্ধারে তাঁরা মাত্র ৫৫ সেকেন্ড সময় পেয়েছিল।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘যারা বেঁচে গেছেন, তাঁরা অলৌকিক ভাবে বেঁচে ফিরেছেন।’

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৭৮জন যাত্রী নিয়ে বিমানটি শেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। পাইলট জরুরি অবতরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তাও পাঠিয়েছিলেন। বিমানটি মারমানস্ক যাওয়ার কথা ছিল।