রাশিয়ায় সেনা বহনকারী বিমান বিধ্বস্ত, নিখোঁজ ১৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার মধ্যাঞ্চলীয় এলাকায় সেনা বহনকারী (ছত্রীসেনা) একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার ২৩ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এ ঘটনায় ধ্বংসাবশেষ থেকে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ১৬ জন এখনো নিখোঁজ। তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, রোববার সকাল ৯টা ২৩ মিনিটের দিকে তাতারস্তান প্রজাতন্ত্রের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
জরুরি সেবাবিষয়ক এক প্রতিনিধি বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে জানান, নিখোঁজ ১৬ জনের বেঁচে থাকার সম্ভাবনার কোনো আলামত এখনো পাওয়া যায়নি।