রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি সুইডেনের
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টর্ম আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় স্কীকৃতির ব্যাপারে আগ্রহ প্রকাশ করার এক মাসেরও কম সময় পর সুইডেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এল।
ওই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। অন্যদিকে এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল।
ফিলিস্তিনের পক্ষে অবস্থান ব্যক্ত করে মারগট ওয়ালস্টর্ম এক বিবৃতিতে বলেন, স্বীকৃতি দেওয়াটা ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে নিশ্চিত করে।’ তিনি বলেন, ‘আমরা আশা করছি এটি অন্যদেরও পথ দেখাবে।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ ‘সাহসী ও ঐতিহাসিক’।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সুইডেনই প্রথমবারের মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। পূর্ব ইউরোপীয় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইউরোপীয় সাতটি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। দেশগুলো হলো বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড ও রোমানিয়া।