রুশ অর্থনীতিকে চাঙা করবে পশ্চিমা নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পাশ্চাত্যের বিভিন্ন অবরোধ ও নিষেধাজ্ঞার মুখে এখনো অনড় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার তিনি দাবি করেছেন, আরও আত্মনির্ভরশীল হওয়ার মাধ্যমে রাশিয়া বরং পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে নিজেদের অর্থনীতিকে চাঙা করতে কাজে লাগাতে পারে। টেলিফোনে দর্শক-শ্রোতার অংশগ্রহণে সরাসরি প্রচারিত এক টিভি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ার ভূমিকার কারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা খুব শিগগিরই প্রত্যাহারের প্রত্যাশা তিনি করেন না এবং ব্যবসায়ী নেতাদের তা জানিয়েছেন। রুশ নেতা বলেন, ‘অর্থনীতিকে নতুন অবস্থানে নিয়ে যেতে এই পরিস্থিতিকে কাজে লাগানো আমাদের জন্য জরুরি।’
প্রেসিডেন্ট পুতিনের মতে, রাশিয়ার অর্থনীতি আবারও ঊর্ধ্বমুখী হতে আরও দুবছর বা তার চেয়ে কম সময় লাগতে পারে। এরই মধ্যে রাশিয়ার মুদ্রা রুবলের দাম বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান। তবে শিল্প উৎপাদন আবারও হ্রাস পেতে পারে বলে তিনি সতর্ক করেন।
রাশিয়ার অর্থনীতির জন্য আশার কথা শুনিয়ে পুতিন বলেন, কৃষি উৎপাদন বাড়ছে এবং তা পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা পণ্যের জায়গা পূরণ করছে।
অনুষ্ঠানের জন্য প্রায় ২০ লাখ মানুষ বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন জমা দেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ জানান, জমা পড়া প্রশ্নগুলোর মধ্যে সর্বোচ্চ শতকরা ২৩ ভাগ ছিল সামাজিক নিরাপত্তাবিষয়ক। দ্বিতীয় সর্বোচ্চ প্রশ্ন ছিল আবাসন এবং স্থানীয় সেবা নিয়ে।
ক্রেমলিন আরও জানায়, পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চল দুটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়েও তাঁরা অনেক প্রশ্ন পেয়েছেন।
বিবিসির সংবাদদাতার মতে, পুতিনের সামনে তোলা প্রশ্নগুলো নিখুঁতভাবে যাচাই করা ছিল। এতে সমালোচনামূলক বা ব্যক্তিগত কোনো বিষয় ছিল না।